National

বাংলার কাছেই দেখা পাওয়া গেল অতি বিরল দুধ সাদা হরিণের

বাংলার খুব কাছেই এমন এক দৃশ্য দেখতে পাওয়া গেল যা ভারতীয়রা শুনেছেন, ছবিতে দেখেছেন। তা যে ভারতের জঙ্গলেই থাকতে পারে তা কেউ বোধহয় ভাবেননি।

দুধ সাদা হরিণ। যা বিশ্বজুড়েই অতি বিরল। কদিচকখনও নজরে পড়ে এমন হরিণ। এ হরিণকে বলা হয় অ্যালবিনো হগ ডিয়ার। দুধ সাদা এই হরিণের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সাদা হরিণের ছবি পোস্ট করার সঙ্গে অসমের জঙ্গলে জীব বৈচিত্র্যের কথাও তুলে ধরেন তিনি।

অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ঘন জঙ্গলের মাঝে এই হরিণের দেখা পাওয়াটা যে বড় প্রাপ্তি তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। কারণ বিশ্বজুড়ে যদি কোথাও এই অ্যালবিনো হগ ডিয়ারের দেখা পাওয়া যায় তাহলে তা নজর কেড়ে নেয়। খবরের শিরোনামে জায়গা পায়।

অ্যালবিনো হগ ডিয়ার হল এমন একধরনের হরিণ যাদের দেহে মেলানিনের মাত্রা অত্যন্ত কম থাকে। ফলে হরিণের যে স্বাভাবিক গায়ের রং তা এই হরিণদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়না।

এদের চোখও একটু গোলাপি হয়। এমন হরিণের দেখা একটা জীবনেও অনেকে পান না। ফলে অসমের জঙ্গলে দেখা পাওয়া এই হরিণ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

বিশেষজ্ঞেরা বলেন, ৩০ হাজার হরিণের মধ্যে হয়তো ১টা হরিণের দেহে এই মেলানিন উৎপাদনের ঘাটতি নজরে পড়ে। আর তার জেরেই তাদের রং সাদা হয়।

অসমের কাজিরাঙার জঙ্গলে যে হরিণটির দেখা পাওয়া গেছে সেটিও ধবধবে সাদা। অন্য হরিণদের সঙ্গে সে সাধারণভাবেই মিলেমিশে ঘুরে বেড়াচ্ছিল।

Show Full Article