হাতির দাঁত ভেঙে টুকরো করে দিল শিক্ষিকার স্কুটার
একটি হাতির দাঁত ভেঙে টুকরো করে দিল এক শিক্ষিকার স্কুটার। এমন এক বিরল ঘটনা জঙ্গলের মাঝে। সকলকে অবাক করে দিয়েছে এই ঘটনা।
তিনি একটি স্কুলে পড়ান। সেই শিক্ষিকা প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য স্কুটার ব্যবহার করেন। তাতেই তিনি স্কুলের দিকে যাচ্ছিলেন। যে পথে তাঁকে স্কুলে যেতে হয় সেই পথটির অনেকটা অংশ একটি জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। যদিও পিচ ঢালা রাস্তা। তবে ২ ধারে ঘন জঙ্গল।
আর সেই জঙ্গল থেকে প্রায়ই হাতি বার হয়ে রাস্তা পার করে অন্য ধারের জঙ্গলে ঢুকে যায়। ওই শিক্ষিকা স্কুটারে ওই পথ ধরেই এগিয়ে যাচ্ছিলেন। আচমকাই পাশের জঙ্গল থেকে একটি অপ্রাপ্তবয়স্ক হাতি বেরিয়ে আসে।
শিক্ষিকা হাতিটিকে দেখতে পেলেও তখন তিনি এতটাই কাছে এসে পড়েছিলেন যে গতি কমিয়ে হাতির সঙ্গে সংঘর্ষ রোখার মত পরিস্থিতি ছিলনা। ফলে হঠাৎ সামনে আসা হাতিটির সঙ্গে তাঁর সরাসরি সংঘর্ষ হয়। স্কুটারটি গতিতে গিয়ে ধাক্কা দেয় হাতিটিকে।
তাৎক্ষণিক ভাবে হাতিটি কেঁপে ওঠে। গুরুতর আঘাত পায়। স্কুটারের ধাক্কায় তার একটি দাঁত টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়। অন্যদিকে স্কুটারটিও দুমড়ে যায়। উল্টে পড়ে রাস্তার ধারে। শিক্ষিকাও পড়ে যান।
এমন এক ঘটনার আকস্মিকতা কাটিয়ে হাতিটি ভয় পেয়ে দ্রুত জঙ্গলে ঢুকে যায়। এদিকে রাস্তা দিয়ে সে সময় যাঁরা যাচ্ছিলেন তাঁরা ওই শিক্ষিকার সাহায্যে এগিয়ে আসেন। তিনিও গুরুতর আঘাত পান।
পরে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা হাজির হন। শিক্ষিকাকে হাসপাতালে পাঠানো হয়। হাতির দাঁতের টুকরো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের খাতিমা তনকপুর হাইওয়েতে। এই রাস্তার একটা অংশে ঘন জঙ্গল রয়েছে। সেখানে অনেক হাতির বাস।











