মাত্র ৩৭ দিনে শুকনো রুক্ষ জমি ভরে গেল ১০ লক্ষ গাছে, যা ৮ মাসে উপহার দিল সবুজ জঙ্গল
চাইলে যে পৃথিবীকে সবুজে ভরিয়ে তোলা খুব শক্ত নয় তা দেখিয়ে দিল দেশের এই প্রান্ত। ১২০০ বিঘে শুকনো জমিতে ৩৭ দিনের সবুজায়ন কয়েক মাসেই উপহার দিল জঙ্গল।
উন্নয়ন, গতিশীল জীবন, পরিকাঠামোর প্রয়োজনীয়তা সহ নানা কারণকে সামনে রেখে পৃথিবী থেকে সবুজ কমে চলেছে। আর গাছপালা কমলে যে পৃথিবীর কি পরিণতি হতে পারে তা ইতিমধ্যেই টের পাওয়াতে শুরু করেছে উষ্ণায়ন, আবহাওয়ার বদল, খামখেয়ালি জলবায়ু।
সেকথা মাথায় রেখে বৃক্ষরোপণের গুরুত্ব সকলকে বোঝানোর চেষ্টাও চলছে। এবার সবুজায়নের লক্ষ্যে ভারত এক নজরকাড়া দৃষ্টান্ত তৈরি করল। মাত্র ৩৭ দিনের ব্যবধানে ১০ লক্ষ গাছ রোপণ করে তৈরি হল নমো বন।
গুজরাটের মোরবি জেলার মাছু বাঁধের কাছে ১ হাজার ২০০ বিঘে শুকনো জমিতে গত সেপ্টেম্বরে মাত্র ৩৭ দিনে ১০ লক্ষ চারা রোপণ করা হয়। এত কমসময়ে ১০ লক্ষ গাছ রোপণ কার্যত একটা উদাহরণ তৈরি করে।
সেপ্টেম্বরে যে ১০ লক্ষ গাছ পোঁতা হয়েছিল সেই গাছ এখন সেখানে এক ছোটখাটো জঙ্গল তৈরি করেছে। ভরে গেছে সবুজে। গতবছরও মে মাসে এই জমির যে চেহারা ছিল, বছর ঘুরে এই মে মাসে পৌঁছে তার সঙ্গে কোনও মিল পাওয়া যাচ্ছেনা।
যখন এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল তখন এই জমি ছিল এবড়োখেবড়ো শুকনো রুক্ষ। তাই প্রথমে এই পুরো জমিকে সমান করা হয়। তারপর সেখানে কয়েক হাজার টন উর্বর মাটি ফেলা হয়। তার সঙ্গে মেশানো হয় প্রচুর জৈব সার। এরপর পুরো জমিকে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়।
এসব সম্পূর্ণ হওয়ার পর প্রতিদিন ৫০০ জন শ্রমিক মিলে ২৫ হাজার থেকে ৩০ হাজার গাছের চারা রোপণ শুরু করেন। এভাবে ৩৭ দিনে ১০ লক্ষ চারা রোপণ সম্পূর্ণ হয়। সেটাই এই ৮ মাসের ব্যবধানে এখন একটা সুন্দর সবুজ জঙ্গলের রূপ নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











