National

আগুন ঢালছে সূর্য, শাশুড়িকে পিঠে বেঁধে ৫০০ টাকা পেনশনের জন্য ৯ কিলোমিটার হাঁটলেন বৌমা

রাস্তায় বেশিক্ষণ থাকলে সান স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। সেখানে পিঠে বাঁধা একজন মানুষ। শাশুড়িকে পিঠে বেঁধে আগুন গরমে ৯ কিলোমিটার হাঁটলেন বৌমা।

এক মহিলা হেঁটে চলেছেন। একা নন। তাঁর পিঠে চড়ে আছেন এক বৃদ্ধা। বৃদ্ধার বয়স ৯০ বছর। আর যিনি তাঁকে পিঠে চড়িয়ে নিয়ে হাঁটছেন তাঁর বয়স ৫০-এর ঘরে। বৃদ্ধা তাঁর শাশুড়ি। বৃদ্ধার পক্ষে হাঁটা সম্ভব নয়। তাই বৌমা তাঁকে পিঠে তুলে বেঁধে নিয়েছেন। তারপর হাঁটা।

যেমন তেমন অবস্থায় হাঁটা নয়। এখন ভারতের যেসব জায়গায় আগুনে গরম চলছে তার মধ্যে একটি অবশ্যই ছত্তিসগড়। এখানে ৪০ ডিগ্রির ওপর পারদ অনেক জায়গায় বিরাজ করছে। রাস্তায় একটু বেশি সময় থাকলে হিট স্ট্রোকের সম্ভাবনা প্রবল।

সেখানে একজনকে পিঠে বেঁধে হাঁটা! কিন্তু এমন এক কঠিন পরিস্থিতিতে রাস্তায় বার হওয়াই বা কেন? এভাবে শাশুড়িকে পিঠে বেঁধে হাঁটাই বা কেন? একটি ছড়িয়ে পড়া ভিডিও তার উত্তর পরিস্কার করেছে।

ওই মহিলা তাঁর শাশুড়িকে নিয়ে যাচ্ছেন ব্যাঙ্কে। ৯ কিলোমিটার পথ হাঁটা। তবেই ব্যাঙ্কে হয়তো কাজ হবে তাঁদের। শাশুড়ি ৫০০ টাকা করে মাসিক পেনশন পান। গত কয়েক মাসে সেই পেনশন আসেনি। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন কেওয়াইসি না থাকায় পেনশন ঢুকছে না।

ফলে বৃদ্ধাকে কেওয়াইসি দিতে যেতে ব্যাঙ্কে যেতে হবে। সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এই অসহ্য গরমের মাঝেই শাশুড়িকে পিঠে বেঁধে রওনা দেন বৌমা।

এই ভিডিও অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এই বয়সে এক বৃদ্ধাকে ৫০০ টাকা পেনশনের জন্য কেন এই গরমে এভাবে জীবনের ঝুঁকি নিতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Show Full Article