National

ভারতের এক বিশেষ আমের গন্ধে ভরে গেল বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর

ভারতে এখন প্রবল গরম। সেই সঙ্গে আমেরও মরসুম। সেই আমময় ভারতের একটি বিশেষ আমের গন্ধে এখন ভুরভুর করছে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর।

ভারতে আমের ধরণ গুনতে গেলে শেষ করা যাবেনা। তারমধ্যে অনেক আম স্থানীয়ভাবে সুনাম অর্জন করে। আর কিছু আমের সুখ্যাতি স্থানীয় তো বটেই, সেই সঙ্গে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। অবশ্যই সেইসব আমের স্বাদ ও গন্ধ মন ভরিয়ে দেয় মানুষের।

এমনই একটি আমের গন্ধ এখন হাওয়ায় ভাসছে। হাওয়ায় ভাসছে বিলেতের সেরা বিমানবন্দর হিসাবে পরিচিত হিথরোতে। লন্ডন শহরে রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত বিমানবন্দর হিথরো। সেখানে কার্গো এলাকা এখন প্রায়ই ভরে যাচ্ছে গুজরাটের কেশর আম-এর গন্ধে। গন্ধ ছড়িয়ে পড়ছে দূর দূর পর্যন্ত।

গুজরাট থেকে কেশর আম শুধু ব্রিটেন বলেই নয়, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রফতানি হয়। আমের মরসুমে বিদেশে আম রফতানি ভারতের ঘরে বড় অঙ্কের মুনাফা নিয়ে আসে। আম ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনের মুখে হাসি ফোটায়।

গুজরাট থেকে এখন নিয়মিত কেশর আম যাচ্ছে বিদেশে। সঙ্গে যাচ্ছে আলফানসো বা হাপুস আম। যেসব বিমানবন্দরে সেগুলি নামছে, সেসব বিমানবন্দর আমের গন্ধে মম করছে।

ভারত থেকে আম কোন দেশে রফতানি করা হচ্ছে তার ওপর নির্ভর করে আমগুলিকে কীভাবে সেখান পাঠানোর ব্যবস্থা করা হবে। যাতে আম নষ্ট না হয়। তার স্বাদ ও গন্ধ একদম সঠিক থাকে।

যেমন কেশর আম যদি আমেরিকা বা কানাডায় পাঠানো হয় তাহলে তা আগে হট ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে দিয়ে যায়। তারপর তা বাক্সে ভরা হয়। এভাবে যে দেশে যায় তার দূরত্ব ও পরিবেশের ওপর নির্ভর করে এই আম কীভাবে প্রক্রিয়া করে পাঠানো হবে।

প্রসঙ্গত ব্রাজিল বা পেরু থেকেও আম নানা দেশে রফতানি হয় ঠিকই, তবে তার স্বাদ বা গন্ধ ভারতীয় আমের ধারেকাছেও আসতে পারেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article