গরম থেকে শহরবাসীকে বাঁচাতে দেশের অন্যতম উষ্ণ শহরে অভিনব পদক্ষেপ
অসহ্য গরমের গ্রাসে দেশের একটা বড় অংশ। ৪৭-৪৮ ডিগ্রি ছুঁয়েছে অনেক জায়গার পারদ। তেমনই এক উষ্ণতম শহরে মানুষকে গরম থেকে রক্ষা করতে অভিনব পদক্ষেপ করল প্রশাসন।
রাজস্থান হোক বা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হোক বা বিহার, মহারাষ্ট্র হোক বা দিল্লি, ওড়িশা হোক বা তেলেঙ্গানা, দেশের একটা বড় অংশ এখন অসহ্য গরমে নাজেহাল। অনেক জায়গাতেই মানুষ বেলা বাড়লে আর রাস্তায় থাকার ঝুঁকি নিচ্ছেন না।
এমনকি কিছু জায়গায় আগুনে গরম থেকে বাঁচতে আলো জ্বালিয়ে সন্ধের পর মাঠে চাষ করছেন কৃষকরা। ৪৫ ডিগ্রির ওপর দেশের অনেক জায়গার পারদ ঘোরাফেরা করছে। কোথাও কোথাও তা ৪৭-৪৮ ডিগ্রিতেও পৌঁছে গেছে।
তেমনই একটি জায়গা বান্দা। উত্তরপ্রদেশের এই বান্দা জেলার অবস্থা এখন শোচনীয়। বান্দা শহরে তো বেলা বাড়লে মনে হচ্ছেনা শহরে মানুষ থাকেন। চারধার সুনসান ফাঁকা। যেন হরতাল হয়েছে। তারমধ্যেই যাঁদের বাধ্য হয়ে রাস্তায় বার হতে হচ্ছে তাঁদের যতটা সম্ভব গরম থেকে বাঁচানোর চেষ্টায় ত্রুটি রাখছে না শহর প্রশাসন।
শহরের রাজপথে যে ট্রাফিক সিগনালগুলি রয়েছে সেগুলি সব বন্ধ রাখা হয়েছে বান্দা শহরে। ফলে রাস্তার কোনও মোড়ে গাড়ি দাঁড় করানোর প্রয়োজন পড়ছে না। ট্রাফিক সিগনালই তো নেই!
সিগনাল কাজ করলে রাস্তার মোড়ে দাঁড়াতেই হবে অনেক গাড়িকে। ফের কখন সিগনাল সবুজ হবে তার অপেক্ষা করতে হবে। ওই অপেক্ষায় যে গরম সহ্য করতে হবে সেটা চাইছে না শহর প্রশাসন।
মানুষকে এই কষ্টটুকু থেকে রেহাই দিতে তারা সিগনাল ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এছাড়া প্রতি রাস্তার মোড়ে গরম থেকে রক্ষার জন্য অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে।











