রাস্তার মাঝে চলন্ত বাস থামিয়ে দিল একটি বাঁদর, কারণটা হৃদয়বিদারক
একটি যাত্রীবাহী বাসকে রাস্তার মাঝখানে থামিয়ে দিল একটি বাঁদর। যে কারণে সে বাস থামাল তা নেহাতই হৃদয়বিদারক। ফলে এগিয়ে এলেন বাসের অনেকেই।
একটি যাত্রীবোঝাই সরকারি বাস ছুটে যাচ্ছিল পাহাড়ি এলাকা ধরে। আশপাশে ঘন জঙ্গল। মাঝখান দিয়ে রাস্তা। মহারাষ্ট্রের খান্ডালা ঘাট-এর এই অংশটি জঙ্গলের পাশ দিয়েই পার করতে হয়। সেখানে আচমকাই ওই বাসটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে একটি বাঁদর।
কার্যতই পথ আটকায় বাসের। সে যে রাস্তা ছাড়বে না তাও বুঝিয়ে দেয়। তাই তাকে সরাতে কয়েকজন যাত্রী রাস্তায় নামেন। কাছে যেতে তাঁরা বুঝতে পারেন বাঁদরটি কিছু বলার চেষ্টা করছে।
সে যে খুব ক্লান্ত তাও বোঝা যাচ্ছিল। তাই একজন তার দিকে জলের বোতল এগিয়ে দেন। জলের বোতলটা সঙ্গে সঙ্গে নিয়ে সে জল পান করতে থাকে। বোঝা যায় অন্য কোনও কারণ নয়, তৃষ্ণায় থাকতে না পেরে বাস থামিয়ে বাঁদরটি জল চাইছিল।
বাঁদরটি জল পান করতে করতেই জঙ্গলের মধ্যে থেকে আরও অনেকগুলি বাঁদর বেরিয়ে আসে। হাজির হয় বাসের ধারে। যাত্রীদের কারও বুঝতে অসুবিধা হয়নি যে তারা আর কিছু নয়, পান করার জন্য জল চাইছে। তারা অনেকেই যে তৃষ্ণার্ত তা বোঝাই যাচ্ছিল।
এবার বাসের অধিকাংশ যাত্রীই তাঁদের সঙ্গে থাকা জলের বোতল এগিয়ে দিতে থাকেন। কয়েকজন নেমে গিয়ে সেই জলের বোতল দিতে থাকেন বাঁদরদের। এমন অবস্থা হয় যে রাস্তায় ছড়িয়ে পড়া জলও বাঁদরগুলি পান করার চেষ্টা চালায়।
এই ঘটনা হৃদয়বিদারক বলেই মনে হয়েছে অনেকের। ওই অংশে এখন প্রবল তাপমাত্রা। অসহ্য গরম। সেই গরমে নাজেহাল ওই বাঁদররা একটু জলের জন্য বাসযাত্রীদের কাছে জল চাইছিল।
এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই সঙ্গে এই গরমে বন্যপ্রাণিদের যাতে পানীয় জলের সমস্যা না হয় সে ব্যবস্থা আরও নিশ্চিত করতে অনেকে অনুরোধ করেছেন বন দফতরকে।











