এখানে সকালে কেউ চাষ করেননা, রাতে আলো জ্বালিয়ে চাষ করছেন কৃষকরা
ভারতের একটি জায়গায় এখন রাতে আলো জ্বালিয়ে চাষের কাজ করছেন কৃষকরা। সকালে চাষ করছেননা। সন্ধে নামলেই আলো জ্বলে উঠছে। শুরু হচ্ছে কৃষিকাজ।
কৃষি জমিতে একজন কৃষক সকাল হলেই হাজির হন চাষের কাজ করতে। সারাদিন ধরে চলে চাষাবাদ। তারপর বিকেল নামলে তাঁরা ফিরে যান ঘরে। এটাই চিরদিন ধরে চলে আসে। এখনও এই চাষের নিয়মে কোনও বদল হয়নি।
কিন্তু ভারতের উত্তরপ্রদেশের বান্দা এমন জায়গা যেখানে অনেক জায়গায় চাষ হচ্ছে রাতে। কারণটা সহজ। সেখানে পারদ এমন জায়গায় চড়ছে যে রোদে দাঁড়িয়ে চাষের কাজ অসম্ভব হয়ে যাচ্ছে।
ফলে সকালে কৃষকরা আর মাঠে যাচ্ছেন না। যেতে পারছেন না। তাই কৃষি জমির ধারে ধারে এলইডি বড় আলো লাগানো হয়েছে। সন্ধে নামলে সেই আলো জ্বলে উঠছে। কৃষকরা চাষের কাজ শুরু করছেন সেই আলোয়।
রাজস্থানের চুরুর গরম বিখ্যাত। বান্দাতেও সেই অবস্থা। এপ্রিলের শেষের দিকে তো ভারতের উষ্ণতম জায়গা ছিল এই বান্দাই। যেখানে বেলা বাড়লে পারদ এখন ৪৮ ডিগ্রি পার করে যাচ্ছে। গরম এতটাই অসহ্য হয়ে উঠেছে যে মানুষ রোদে থাকতেই পারছেন না।
ভোর হলেই তাই রাস্তায় মানুষজনের ভিড় নজর কাড়ছে। সকলেই চেষ্টা করছেন সকাল ৯টার মধ্যে যা বাইরের কাজ রয়েছে সেরে ঘরে ঢুকে যেতে। এমন অবস্থা হয়েছে যে বান্দা শহরে সকাল ১০টা পার করলে রাস্তায় কাউকে দেখতে পাওয়া যাচ্ছেনা।
মরুভূমির মত খাঁ খাঁ করছে চারধার। না মানুষ নজরে পড়ছে, না কোনও গাড়ি। রাস্তা দেখে মনে হচ্ছে যেন হরতাল হয়েছে। এমন অবস্থা বিকেল পর্যন্ত থাকছে। রোদ পড়লে তারপরই মানুষ ফের ঘর থেকে বার হচ্ছেন।











