National

চারধাম যাত্রা শুরুর মুখে রান্নার গ্যাস ও জ্বালানি নিয়ে নিশ্চিন্ত হতে চাইছে সরকার

চারধাম যাত্রা শুরু হতে চলেছে। তার আগেই বৈঠকে বসলেন সরকারি আধিকারিকরা। রান্নার গ্যাস ও জ্বালানি নিয়ে নিশ্চিন্ত হতে চাইছেন তাঁরা।

গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রাকে একসঙ্গে বলা হয় চারধাম যাত্রা। প্রতিবছরই গরমে চারধাম যাত্রা শুরু হয়। চলে নভেম্বরের শুরু পর্যন্ত। তারপর শীত থেকে বসন্ত বন্ধ থাকার পর ফের চালু হয় যাত্রা।

এ বছর সেই যাত্রা শুরুর মুখে। তার আগে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের যাতে এই যাত্রাপথে পেট্রোল, ডিজেল থেকে রান্নার গ্যাসের অপ্রতুলতা সমস্যায় না ফেলে সেদিকটা নিশ্চিন্ত করতে চাইছেন উত্তরাখণ্ড সরকারের আধিকারিকরা। তাঁরা এ নিয়ে বৈঠকেও বসেছেন।

অন্যান্য বছর রান্নার গ্যাস হোক বা পেট্রোল ডিজেল, কোনও কিছু নিয়েই এতটা চিন্তা থাকেনা। কিন্তু এবার পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে যে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে রান্নার গ্যাস থেকে পেট্রোল, ডিজেলের যোগান স্বাভাবিক রাখার বিষয়টি নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন আধিকারিকরা। অন্তত তাঁদের এই বিষয় নিয়ে বৈঠক সেটাই পরিস্কার করছে।

সেই সঙ্গে এই সময়টা সেখানে বিয়ের মরসুম। আর বিয়ে মানেই রান্নার গ্যাসের প্রয়োজন বৃদ্ধি। বিয়েতে রান্নার জন্য বাণিজ্যিক গ্যাসের প্রয়োজন পড়ে। তার যোগানেও কোনও জটিলতা কীভাবে এড়ানো যাবে সেটাও সরকারকে ভাবাচ্ছে।

চারধাম যাত্রার সময় পাহাড়ি পথে ভক্তদের যাতে খাবার পেতে বা যাতায়াতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে সবরকম ব্যবস্থা করছে উত্তরাখণ্ড সরকার।

আগামী কয়েক মাসে উত্তরাখণ্ডে অনেক বেশি মানুষের আনাগোনা শুরু হবে। তাঁদের যাতে রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেলের জন্য সমস্যায় না পড়তে হয় সেদিকটা নিশ্চিত করে রাখতে চাইছে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *