National

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা গেল বাবার হাত ধরে বাড়ি ফিরতে।

মেয়ের পরনে কালো টিশার্ট। যার ওপর লেখা মাই ফ্যামিলি, মাই লাইফ। তাঁর হাত ধরে আছেন তাঁর বাবা। বাবারও পরনে কালো টিশার্ট। তাতে মেয়ের ছবি দেওয়া আছে। আর লেখা আছে আই লাভ মাই ডটার, মাই হার্ট, মাই সোল। ২ জনের মুখেই হাসি। খুশিটা স্পষ্ট ধরা পড়ছে।

সঙ্গে রয়েছেন পরিবারের আরও অনেকে। মিষ্টি বিলি হচ্ছে। তাঁরাও আনন্দ করছেন। বাজনা বাজিয়ে সকলে সামনে এগিয়ে চলেছেন। আর এভাবেই মেয়ের বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন বাবা।

যে আদালতে মেয়ের বিবাহবিচ্ছেদ মঞ্জুর হল, সেই আদালতের সামনেই এই উৎসবের মেজাজে মেতে উঠলেন অবসরপ্রাপ্ত বিচারক জ্ঞানেন্দ্র শর্মা। মেয়ের বিবাহবিচ্ছেদের আনন্দে বাজনা বাজিয়ে, মিষ্টি বিলি করে আনন্দ করলেন। মেয়েকে হাত ধরে বাড়ি ফিরিয়ে আনলেন।

২০১৮ সালে এক সেনাকর্মীর সঙ্গে বিয়ে হয়েছিলেন প্রণিতার। প্রণিতার অভিযোগ ছিল বিয়ের কিছু সময় পর থেকেই শ্বশুরবাড়িতে তাঁকে নানা কিছু সহ্য করতে হচ্ছিল। তিনি চেয়েছিলেন বিয়েটা টিকিয়ে রাখতে। কিন্তু একসময় বাধ্য হয়ে তাঁকে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে হয়।

মেয়ের এই কঠিন সময়ে যে তাঁর বাবা তাঁর পাশে আছেন সেটা এভাবেই বুঝিয়ে দিলেন পিতা জ্ঞানেন্দ্র শর্মা। মেয়ের হাত ধরে তাঁকে উৎসবের মধ্যে দিয়ে বাড়ি ফিরিয়ে আনলেন।

প্রণিতার জন্যও এটা একটা সুখকর বার্তা। সে তিনি জীবনে যে পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন, তাঁর বাবা, তাঁর পরিবার তাঁর পাশে আছে এটা জানা অবশ্যই বড় প্রাপ্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *