প্লুটোতে এটাও বয়ে চলেছে, ১১ বছর আগের ছবি লিখল নতুন ইতিহাস
আগে গ্রহ হিসাবে পরিগণিত হলেও এখন প্লুটো হল একটি বামন গ্রহ। তার গা বেয়ে এমন কিছু যে বয়ে চলেছে সেকথা আগে জানা ছিলনা।
২০১৫ সালে সৌরমণ্ডলের বামন গ্রহ প্লুটোর গা ঘেঁষে উড়ে গিয়েছিল নাসার যান নিউ হরাইজনস। নেই নিউ হরাইজনস মহাকাশযান যেসব ছবি পাঠিয়েছিল তা দেখে প্লুটোকে চেনার চেষ্টায় খামতি রাখেননি বিজ্ঞানীরা।
১১ বছর পরেও সেসব ছবি নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর এই নিরন্তর প্রচেষ্টার সুফলও পেলেন বিজ্ঞানীরা। প্লুটোর গা জুড়ে বয়ে যাওয়া এক তরলের খোঁজ পাওয়া গেল। প্লুটোর উপরিস্তরের নানা জায়গায় যে এমন তরল বয়ে চলেছে তা আগে জানা ছিলনা।
প্লুটোর গায়ে অনেক ফাটল রয়েছে সেসব ফাটল ধরেই বইছে তরল নাইট্রোজেন। প্লুটোর উত্তর দিকে স্পুটনিক প্ল্যানিসিয়া নামে জায়গায় এই তরল নাইট্রোজেন বয়ে যাওয়ার ছবি পরিস্কার।
প্রসঙ্গত প্লুটোর গায়ে স্পুটনিক প্ল্যানিসিয়া হল একটি হিমবাহের মত হৃদয়ের আকারের জায়গা। যা একটি নাইট্রোজেন হিমবাহ বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। যেখানে প্রচুর ফাটল ধরে বয়ে চলেছে তরল নাইট্রোজেনের স্রোত। যা বিজ্ঞানীদের বেশ অবাক করেছে।
বিজ্ঞানীরা মনে করছেন এই তরলের বয়ে চলা প্লুটোতে নতুন করে শুরু হয়েছে। তাঁদের এটাও মনে হচ্ছে যে প্লুটো সময়ের সঙ্গে তার ধরন বদলাচ্ছে।
তবে প্লুটোর আবহাওয়ার প্রকৃতি এবং তাপমাত্রা এমন যে সেখানে নাইট্রোজেন শুধু বয়ে যাওয়াই নয়, শুধু নাইট্রোজেন হিমবাহ তৈরিই নয়, সেখানে নাইট্রোজেনের বৃষ্টিও সম্ভব। প্লুটো নিয়ে আরও জানতে নিউ হরাইজনস-এর পাঠানো ছবি সহ আরও নানা তথ্য পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।












