SciTech

মঙ্গলের মাটিতে মুশকিলে পড়ল নাসার যান, অভিনব উপায়ে মুক্ত করল নিজেকে

তার কাজ মঙ্গলগ্রহকে নতুন করে চিনতে সাহায্য করেছে। সেই নাসার কিউরিওসিটি রোভার নিজেই লাল গ্রহে সমস্যার মুখে পড়ল। বেশ কয়েকদিনের চেষ্টায় পেল মুক্তি।

নাসার কিউরিওসিটি রোভার যেভাবে নতুন নতুন তথ্য বিজ্ঞানীদের উপহার দিয়েছে তাতে মঙ্গল সম্বন্ধে অনেক চিরাচরিত ধারনাই বদলে গেছে। সেই কিউরিওসিটি মঙ্গলের মাটিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে নিরলস ভাবে। সেখানকার তথ্য তুলে ধরছে।

মাটিতে খনন চালিয়ে মাটি পরীক্ষা করছে। আর সেটা করতে গিয়েই মহা সমস্যায় পড়েছিল এই রোবট যানটি। খনন চালাতে গিয়ে ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল রোভারটি।

তখনই ড্রিলের সময় একটি পাথরে আটকে যায় ড্রিল মেশিনটি। ১৩ কেজির সেই পাথরটি মাটি থেকে হঠাৎ উপড়ে এসে ড্রিলটির ওপর এমনভাবে পড়ে যে ড্রিলটি নড়তেও পারছিলনা। ফলে সেখানেই দাঁড়িয়ে পড়ে কিউরিওসিটি।

ঘটনাটি ঘটে গত এপ্রিলের ২৫ তারিখ। ওইদিন লাল গ্রহের আতাকামা বলে একটি জায়গায় খনন করে পরীক্ষার কাজ করছিল যানটি। তখনই এই পাথরটি উপড়ে এসে ড্রিলের ওপর পড়ে।

বিজ্ঞানীরা পৃথিবী থেকেই কিউরিওসিটির ড্রিলটি কাঁপাতে থাকেন। যাতে সেটি পাথরের হাত থেকে মুক্তি পায়। কিন্তু তাতে কাজ হয়নি। এরপর যানে থাকা রোবোটিক হাত দিয়ে পাথর সরানোর চেষ্টা হয়। সে চেষ্টাও সফল হয়নি।

এদিকে একটা একটা করে দিন কাটতে থাকে। অবশেষে মে মাসের শুরুতে পৌঁছে ড্রিলটি একটু কাত করে তারপর কাঁপাতে শুরু করায় একসময় পাথরটি ফেটে যায়। তারপরই এই আটক অবস্থা থেকে মুক্তি পায় কিউরিওসিটি রোভার।

Show Full Article