National

গুড়ের কথা বললেন প্রধানমন্ত্রী, বাদ গেলনা ভারতীয় চকোলেট

প্রতিমাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মন কি বাত। সেখানেই নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এল গুড় আর চকোলেটের কথা। সেগুলির সাফল্যের কথা।

শীতের দিনে ভারতীয় পরিবারে কি গুড় ছাড়া চলে? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সেকথা এদিন মনে করিয়ে দিলেন। মনে করিয়ে দিলেন ভারতের শতাব্দী প্রাচীন গুড়ের প্রাধান্য। যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যকর।

তাঁর ১৪০ তম রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর পামিরা গুড়ের ইউরোপ পাড়ি দেওয়ার কথাও তুলে ধরেন। ভারতের নিজস্ব মিষ্টি এই উচ্চমানের গুড় এই প্রথম ইউরোপের বাজারে পা রাখল। যা গুড়ের বাজারকে ভারতের বাইরেও বিস্তৃত করছে। প্রসঙ্গত তামিলনাড়ুর ইরোড়-এর এই পামিরা গুড় স্থানীয়ভাবে পরিচিত কারুপাত্তি নামে।

শুধু গুড় বলেই নয়, ভারতের চকোলেটও গতবছর বড় সাফল্য পেয়েছে। ভারতে তৈরি চকোলেটের বিদেশের বাজারে বিক্রি ২৫ শতাংশ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সুরাটের স্মিটেন চকোলেট বিশ্ববাজারে ছড়িয়েছে। মেড ইন ইন্ডিয়া এই চকোলেট বিদেশের বাজারে নাম করেছে।

বিভিন্ন চকোলেট বুটিক তৈরি হচ্ছে। যা চকোলেট বিলাসিতাকে ভারতীয় স্পর্শ দিচ্ছে। ভারতে বিভিন্ন স্টার্টআপ সংস্থা এখন চকোলেট নিয়ে কাজ করছে। ভারতীয় স্বাদকে মিশিয়ে তারা নতুন নতুন স্বাদে ভরিয়ে তুলছে চকোলেটকে।

গুজরাটের কচ্ছের সঙ্গে চকোলেটের সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখানে উটের দুধ দিয়ে তৈরি হচ্ছে চকোলেট। তৈরি হচ্ছে জাফরানি দুধ। রাজভোগ আইসক্রিমের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী এদিন উটের দুধের উপকারিতার কথা তুলে ধরে তা কচ্ছ থেকে অনেক দূরে থাকা মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথাও বলেন।

Show Full Article