World

জাল পেতে মাছ নয়, পানীয় জল সংগ্রহ করেন মানুষ, আশ্চর্য বন্দোবস্তে মিটেছে জলের সমস্যা

শুকনো এলাকা। একটু জলের জন্য পাড়ি দিতে হত বহুদূরে। সেখানেই এখন জাল পেতে পানীয় জল ধরা হচ্ছে পাহাড়ের ওপর। নিচে থাকা মানুষ পাচ্ছেন যথেষ্ট জল।

একটা সময় ছিল যখন এখানে জলকষ্ট ছিল চরম। প্রতিটি পরিবারের মহিলাদের প্রতিদিন পাড়ি দিতে হত বহু দূরে। যেখান থেকে তাঁরা জল বয়ে আনতেন পরিবারের জন্য।

কেবল জল আনতেই কয়েক ঘণ্টা লেগে যেত তাঁদের। এমন এক জল সংকট থেকে এখন মুক্তি দিয়েছে জাল। বসতি লাগোয়া পাহাড়ের ওপর একটি জালেই জল সমস্যার সমাধান হয়েছে।

এ এক অনন্য প্রযুক্তি। জনবসতির গা ঘেঁষে ওঠা পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ফুট উঁচু। পর্বতের মত বিশাল না হলেও উচ্চতা নেহাত কমও নয়। সেই পাহাড়ের ওপর এক বিশেষ ধরনের জাল লাগানো হয়েছে।

জালটির কাজ হল ভেসে যাওয়া কুয়াশাকে পাকড়াও করা। আটলান্টিক মহাসাগর থেকে ভেসে আসা কুয়াশা এই জালে আটকে যায়। তারপর জালেই সেই কুয়াশা জল হয়ে গড়িয়ে পড়ে।

গড়িয়ে পড়া জল একটি পাইপের সাহায্যে পাহাড় থেকে নিচে নেমে আসে। চলে আসে জনবসতিতে থাকে একটি ট্যাঙ্কে। যেখান থেকে পুরো এলাকায় জল সরবরাহ করা হয়।

এই অভিনব কুয়াশার জল সংগ্রহ প্রকল্পটি মরক্কোর দক্ষিণ পশ্চিম প্রান্তে থাকা বাউটমেজগুইডা পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে। ২০০৬ সালেই এটি তৈরি করা হয়।

তারপর থেকে প্রতিদিন কুয়াশার জলকণাকে জালে ধরে ৬ হাজার ৩০০ লিটারের মত জল সংগ্রহ করা হয়। যা এই এলাকার মানুষের প্রতিদিনের পরিস্কার জলের চাহিদা পূরণ করে। মহিলাদের আর দূর থেকে জল আনতে কষ্ট করতে হয়না।

Show Full Article