তারাতলায় উদ্ধারকাজে বাধা হল প্রবল বৃষ্টি, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনায় উদ্ধারকাজ ব্যাহত হল প্রবল বৃষ্টিতে। এদিকে প্রাণ হারানো মানুষদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা।
তারাতলায় বুধবার নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনার পর বৃহস্পতিবারও সেখানে শুধুই হাহাকার। এদিন আরও দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারানো মানুষের সংখ্যা ১১ জনে গিয়ে ঠেকেছে।
এদিকে যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছিল তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিন দুপুরে কলকাতার আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঘন ঘন বজ্রপাত হতে থাকে। এই দুর্যোগে তারাতলায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
যেহেতু কতজন ভিতরে ছিলেন তার কোনও হাজিরা খাতা নেই, তাই এখনও পরিস্কার নয় ভিতরে থাকা মানুষের সঠিক সংখ্যা। ফলে উদ্ধারকাজ শেষ হলেই পরিস্কার হবে কতজন এই ভয়ংকর ঘটনার শিকার হয়েছেন। উদ্ধারকাজ বৃষ্টির জন্য মন্থর হলেও থেমে নেই।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যাঁদের প্রাণ গেছে তাঁদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা আহত তাঁদের জন্য মাথাপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন তিনি।
প্রসঙ্গত ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকেও তারাতলা বিপর্যয়ে প্রাণ যাওয়া মানুষদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে। এই গুদাম অত্যন্ত নিম্নমানের জিনিস দিয়ে তৈরি করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন।











