স্কুলে স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করল রাজ্যসরকার
রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার এবার স্কুলে স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করল। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অন্য বিরোধী দলগুলিও।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি সব স্কুলে জাতীয় গান বন্দেমাতরম বাধ্যতামূলক করে দেওয়া হল। এখন স্কুলের প্রার্থনায় ছাত্রছাত্রীদের বন্দেমাতরম গাইতে হবে। বিরোধী দলগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাদের পরামর্শ জাতীয় সঙ্গীত জনগণমন-ও যেন উপেক্ষিত না হয়।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন বন্দেমাতরম বাধ্যতামূলক ছিলনা। কিন্তু সরকার বদলের পর বিজেপি সরকার এবার বন্দেমাতরমকে স্কুলে বাধ্যতামূলক করে দিল। এতে ছাত্রছাত্রীদের মধ্যে দেশের প্রতি ভালবাসা, দেশপ্রেম এবং দেশের প্রতি গর্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে।
বন্দেমাতরম এবার পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের অধীন স্কুলগুলিতে বাধ্যতামূলক করার কথা তাঁর এক্স হ্যান্ডলেও পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এটাও পরিস্কার করে দিয়েছেন প্রাতঃকালীন প্রার্থনায় বন্দেমাতরম বাধ্যতামূলক করা হচ্ছে।
বন্দেমাতরম একজন বাঙালির লেখা। এটা বাঙালির সংস্কৃতি ও পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এমনই মত প্রকাশ করেছে তৃণমূল। রাজ্য সরকারি এবং রাজ্যসরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিটি স্কুলে বন্দেমাতরম প্রার্থনা হিসাবে গাওয়া হবে বলে স্পষ্ট করে দিয়েছে রাজ্যসরকার।
কংগ্রেস ও সিপিআইএম-ও সংবাদ সংস্থা আইএএনএস-কে স্পষ্ট জানিয়েছে যে তারা বন্দেমাতরমকে প্রার্থনা সঙ্গীত হিসাবে স্বাগত জানাচ্ছে। সেই সঙ্গে প্রতিটি দলের তরফে স্কুলগুলিতে জাতীয় সঙ্গীত জনগণমনকে সমান গুরুত্ব প্রদানের আবেদন জানানো হয়েছে। সরকারি স্কুলে বন্দেমাতরম গাওয়াকে বাধ্যতামূলক করাকে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











