National

কেদারনাথে শুরু অপারেশন কালনেমি, সাধুর বেশে থাকা অসাধুদের ধরতে বিশেষ পদক্ষেপ

কেদারনাথ যাত্রা এখন পুরোদমে চলছে। পুণ্যার্থীরা হাজারে হাজারে হাজির হচ্ছেন। সেখানেই এবার শুরু হল অপারেশন কালনেমি। সাধুর বেশে থাকা নকল সাধুদের ধরতে অভিনব উদ্যোগ।

কেদারনাথ ধামে আসা পুণ্যার্থীদের সবদিক থেকে সুরক্ষিত রাখতে চায় প্রশাসন। তাই সেখানে শুরু হয়েছে অপারেশন কালনেমি। তীর্থস্থানে বহু পুণ্যার্থীর আগমন ঘটে। এখানে এসে সাধু বেশে পুণ্যার্থীদের নানাভাবে প্রতারিত করা সহজ। সরল বিশ্বাসে সাধুদের প্রতি শ্রদ্ধা থেকে অনেক পুণ্যার্থীই তাঁদের পাতা জালে পা দিয়ে ফেলেন। কিন্তু সাধুর বেশ ধরলেই কেউ সাধু হয়না।

সাধুর বেশে থাকা অসাধু ব্যক্তিরা যাতে পুণ্যার্থীদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য অপারেশন কালনেমি শুরু করেছে কেদারনাথ পুলিশ ফাঁড়ি। যাত্রা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হচ্ছে এই ধরপাকড়।

পুলিশ এখানে খতিয়ে দেখছে সাধু বেশে সকলেই প্রকৃত সাধু কিনা। তাঁদের সঙ্গে থাকা কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ১৫ জনকে চিহ্নিত করে তাদের কেদারনাথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

শুধু সাধু বেশধারী অসাধুরাই নয়, আইন ভঙ্গকারীদেরও কেদারনাথে খুঁজে বার করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে প্রশাসন। সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের দ্রুত কেদারনাথ থেকে গৌরীকুণ্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সকলের আধার কার্ড থেকে অন্যান্য তথ্য, পরিচয়পত্র।

নকল বাবা-দের ধরতেও ফাঁক রাখছে না পুলিশ। ফলে পুণ্যার্থীদের কেদারনাথে এসে সাধু ভেবে অসাধু মানুষের পাল্লায় পড়ার সম্ভাবনা কমছে। তাঁরা নিশ্চিন্তে সেখানে নিজেদের ভক্তি নিবেদন করতে পারছেন। এমন কাউকে কেদারনাথ ধামে থাকতে দেওয়া হবেনা, যাঁর কাছে প্রয়োজনীয় নথি নেই, একথা স্পষ্ট করে দিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article