ঘুমিয়ে পড়তে পারলেই কয়েক লক্ষ টাকা পকেটে, প্রতিযোগিতায় অংশ নিতে পারেন
কোনও কায়িক পরিশ্রম নেই। বুদ্ধি খাটানো নেই। স্রেফ একটা ভাল ঘুম পাইয়ে দিতে পারে কয়েক লক্ষ টাকা। একবার চেষ্টা করবেন নাকি।
প্রতিযোগিতা তো নানারকম হয়। সেখানে হয় কায়িক পরিশ্রম নয়তো শারীরিক দক্ষতা অথবা বুদ্ধির ক্ষমতার বিচার হয়। সেইমত বেছে নেওয়া হয় সেরাকে। কিন্তু সেসব কিছু না করে স্রেফ শান্তিতে ভাল একটা ঘুম পাইয়ে দিতে পারে কয়েক লক্ষ টাকা পুরস্কার।
সেরা ঘুমের জন্য পাওয়া যাবে ১২ থেকে ১৩ লক্ষ টাকা। এই ঘুমের প্রতিযোগিতার আয়োজন করেছে একটি ম্যাটট্রেস সংস্থা। ওই সংস্থা ম্যাটরেস বাই কোয়ালা নামে এই স্লিপ রেস বা ঘুমের দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। যা অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হবে।
খুব বেশি নয়। মাত্র ৯০ মিনিট ভাল করে ঘুমোতে পারলেই পুরস্কার নিশ্চিত। যাতে প্রতিযোগীরা ভাল করে ঘুমোতে পারেন সে ব্যবস্থাও রাখছেন উদ্যোক্তারা। কিন্তু একটা প্রতিযোগিতা যখন তখন তো সেরাকে বেছে নিতে হবে।
আর সবাই যদি ৯০ মিনিট ঘুমিয়ে নেন তাহলে তো সবাই সেরা হবেন। তাহলে আর প্রতিযোগিতা কিসের? তাই প্রতিযোগীরা ঘুমিয়ে পড়ার পর তাঁদের ঘুম কতটা গভীর তা পরীক্ষা করা হবে।
চিকিৎসকদের নজরদারিতে হবে সেই পরীক্ষা। সেই সঙ্গে ঘুমিয়ে পড়লে প্রতিযোগীদের নানাভাবে উত্যক্তও করা হবে। তাতেও সাড়া না দিয়ে তাঁরা গভীর ঘুমে থাকতে পারেন কিনা তাও দেখা হবে। সবদিক খতিয়ে দেখার পর বেছে নেওয়া হবে সেরাকে।
এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে। ইতিমধ্যেই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে উঠেছে। জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিতও হয়েছে।











