World

সূর্যোদয়ের দেশে জনসংখ্যা অস্তগামী, ৪২ বছরে সবচেয়ে তলানিতে দেশবাসীর অঙ্ক

দেশবাসীর সংখ্যার নিরিখে এমন কঠিন অবস্থা এ দেশে গত ৪২ বছরে আসেনি। ১৯৬৮-এর পর এমন পরিস্থিতিও কখনও তৈরি হয়নি।

সূর্যোদয়ের দেশে তলানিতে রেকর্ড গড়ল জনসংখ্যা। দেশের নাগরিকের মাথা গুনে মাথায় হাত প্রশাসনের। এমন সংখ্যা তাদের গত ৪২ বছরে দেখতে হয়নি। একটি পরিসংখ্যান সামনে এসেছে।

উদীয়মান সূর্যের দেশ বলে পরিচিত জাপানে গত ১ জানুয়ারি পর্যন্ত হিসাব দেখে অবাক হয়ে গেছে খোদ প্রশাসন। গত ৪২ বছরে জাপানের জনসংখ্যা এমন তলানিতে এর আগে পৌঁছয়নি।

১২ কোটিরও নিচে নেমে গেছে জাপানের মোট জনসংখ্যা। এমনটা ৪২ বছর পর হল। ১ জানুয়ারির হিসাবে জাপানের মোট জনসংখ্যা হয়েছে ১১ কোটি ৯৭ লক্ষ ৩৬ হাজার ৪৮৩ জন। জনসংখ্যা এতটা তলানিতে পৌঁছনো জাপান সরকারের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।

জাপানে শিশুর সংখ্যা গতবছরের তুলনায় সাড়ে ৩ লক্ষ কমেছে। ২ বছরের হিসাবে এমন শিশুর সংখ্যা কমে যাওয়া নিজেই একটা রেকর্ড। এত কম এর আগে কখনও হয়নি জাপানে। এবার জনসংখ্যা ১২ কোটির নিচে চলে যাওয়া একটা রেকর্ড হলেও জাপানের জনসংখ্যা গত ৪৫ বছর ধরেই নিম্নগামী।

জাপানে জন্মহার নিচে নেমেই চলেছে। জন্মহার বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। যার মধ্যে যেসব পরিবার শিশুকে বড় করছে তাদের বিশেষ আর্থিক সহায়তা দানের মত সুবিধা রয়েছে। কিন্তু তাতেও জন্মহার বাড়েনি, বরং কমেই চলেছে। এই জনসংখ্যা হ্রাস জাপান সরকারের রাতের ঘুম কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App