উষ্ণ দিনের নতুন নামকরণ, অস্বাভাবিক গরমের সঙ্গে লড়তে অভিনব পদক্ষেপ
বিল নিয়ে ভাববেন না। যথেচ্ছ এসি ব্যবহার করুন। উদীয়মান সূর্যের দেশে দেশবাসীকে পরামর্শ সরকারের। গরম পড়ার আগেই একগুচ্ছ অভিনব পদক্ষেপ। অতি গরমের দিনের নতুন নামকরণ।
এক ভয়ংকর গরম থাবা বসাতে চলেছে। সেই পূর্বাভাস পেয়েই দেশবাসীকে গরম থেকে বাঁচাতে নতুন এবং অভিনব উদ্যোগ নিল জাপান সরকার। জাপানের আবহাওয়া দফতর তো ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছোঁয়া দিনগুলির জন্য নতুন নাম প্রকাশ করেছে। এসব অসহ্য গরমের দিনের নতুন নামকরণ হয়েছে ‘কোকুশোবি’। যার অর্থ অসহনীয় গরম।
বিশ্বজুড়েই তাপমাত্রা রেকর্ড ভাঙছে। সেকথা মাথায় রেখে জাপান গ্রীষ্মের দিনের তাপপ্রবাহের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। আগামী ৪ মাসের জন্য জাপানের অধিকাংশ পরিবারকেই আর জলকর দিতে হবেনা।
এদিকে গরমের দিনগুলোয় যাতে বিদ্যুতের কোনও ঘাটতি তৈরি না হয় তার ব্যবস্থাও সম্পূর্ণ করা হয়েছে। খোদ সরকারের তরফেই দেশবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে বিলের কথা না ভেবে যথেচ্ছ এসি ব্যবহারের। যাতে গরম থেকে বাঁচাতে পারা যায়।
দেশের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা গরমের দিনে রাস্তায় কাজে ব্যস্ত সাধারণ মানুষের জন্য কুলিং পয়েন্ট থেকে ইলেক্ট্রোলাইট পানীয়ের ব্যবস্থা করেছে। তাছাড়া জাপানের মানুষকে অসহ্য গরমের মুখে পড়ার আগেই তৈরি থাকতে এখন থেকেই অল্প গরম জলে স্নান করা এবং হালকা ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়েছে।
যাতে গরম মাত্রা ছাড়ালে তা সহ্য করার জন্য আগাম প্রস্তুত থাকে তাঁদের দেহ। এছাড়া একের পর এক আলোচনা সভা আয়োজন করে সাধারণ মানুষকে গরম থেকে বাঁচার নানা উপায় জানানো হচ্ছে।










