World

জনবসতিতে সিংহ দেখতে পাওয়া গেল, কিন্তু খুঁজে পাওয়া গেলনা

সিংহ দেখতে পাওয়া গেছে। ১টা নয়, ২টি। জনবসতি এলাকায় সিংহ শুনে শুরু হয় তল্লাশি। কিন্তু ফলাফল হল কিছুই পাওয়া গেলনা। তাহলে তারা গেল কোথায়।

একটি সিংহী। সঙ্গে তার একটি শাবক। সিংহী বেশ বড় চেহারার। শাবকও নেহাত ছোট নয়। তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। কোনও জঙ্গলে হলে কথা ছিলনা। কিন্তু জনবসতি এলাকায় ২টি সিংহ নিজের মত ঘুরে বেড়াচ্ছে এটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেই।

সাধারণ মানুষের ঝুঁকির কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। স্থানীয় প্রশাসন কোনও গাফিলতি না করে দ্রুত সিংহ খোঁজার কাজে নেমে পড়ে। ড্রোনও কাজে লাগানো হয়। যাতে এলাকার কোথাও যদি কোনও কোণায় সিংহ ২টি লুকিয়েও থাকে তাহলেও খোঁজ পাওয়া যায়।

৪ ঘণ্টা ধরে তন্নতন্ন করে তল্লাশি করা হয়। এলাকার একটা কোণাও বাদ রাখা হয়নি। কিন্তু তারপরেও সিংহের টিকিটিও দেখতে পাওয়া যায়নি। ৪ ঘণ্টা পর তল্লাশি থামে।

সিংহের খোঁজ না পাওয়া যাওয়ায় সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে সতর্কও থাকতে বলা হয়। কোনও সিংহের দেখা পেলে দ্রুত তা প্রশাসনকে জানাতেও বলা হয়।

প্রশাসনের তরফে এটাও খতিয়ে দেখা হয় যে আশপাশের কোনও চিড়িয়াখানা বা কোনও অভয়ারণ্য থেকে কোনও সিংহ বেপাত্তা কিনা। কিন্তু এমন কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ইন্ডিয়ানায়। সেখানে এখনও অনেক মানুষের মধ্যেই একটা আতঙ্ক রয়েছে। সিংহ দেখা যাচ্ছে কিনা সেদিকে কড়া নজর রেখেছেন স্থানীয়রা।

Show Full Article