পশ্চিমবঙ্গের বড় প্রাপ্তি, ৩ দেশকে জুড়বে ১৭ কিলোমিটার একটি রেললাইন
এ রাজ্যের জন্য খুশির খবর। চিন, ভুটানের সঙ্গে ভারতকে জুড়ে দেবে এই নতুন লাইন। উত্তরবঙ্গের জলঢাকায় তৈরি হতে চলেছে এই গুরুত্বপূর্ণ রেলপথ।
উত্তরবঙ্গের সঙ্গে ভুটান ও চিনকে জুড়ে দিতে ও পর্যটনকে আরও শক্তিশালী করে তুলতে এবার ১৭ কিলোমিটার একটি রেলপথ নির্মাণের পথে হাঁটল ভারতীয় রেল। ১৭ কিলোমিটার হলেও এই রেলপথের গুরুত্ব হতে চলেছে অপরিসীম।
চালসার খুনিয়া মোড় থেকে এই রেলপথ যাবে জঙ্গলের মধ্যে দিয়ে। জলপাইগুড়ি ও কালিম্পং বন বিভাগের মধ্যে দিয়ে যাবে এই রেলপথ। রেলপথটি তৈরি করতে যাবতীয় পর্যবেক্ষণের কাজ শুরু হবে বর্ষা মিটলেই।
পর্যবেক্ষণের কাজ করবেন রেলমন্ত্রক ও পশ্চিমবঙ্গের বন দফতরের আধিকারিকরা। এই রেলপথ নির্মাণের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দও করেছে রেলমন্ত্রক।
রেলপথটি তৈরি হলে এখানকার অপার সৌন্দর্যের টানে আসা পর্যটকদের আরও সুগম হবে বেড়ানো। জলঢাকা, বিন্দু, টোডে-টাংটা ঘোরা আরও অনেক সহজ হয়ে যাবে। যা এ রাজ্যের পর্যটনকেই বাড়তি অক্সিজেন দেবে।
উত্তরবঙ্গে ঘোরার জায়গা কম নেই। সঙ্গে রয়েছে প্রচুর জঙ্গল, বন্যপ্রাণ, অর্কিড, প্রচুর গাছ। আর আছে মেঘ, কুয়াশার ছোঁয়া। সেই সঙ্গে রয়েছে হিমালয়ের অপার সৌন্দর্য।
সব মিলিয়ে যাঁরা প্রকৃতি ভালবাসেন তাঁদের জন্য আদর্শ ঘোরার জায়গায় উত্তরবঙ্গ। সেখানে যদি রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে পারে তাহলে পর্যটকরা আরও নতুন নতুন জায়গায় পৌঁছে যেতে চাইবেন।
সেরকম হলে তা সেই জায়গার স্থানীয় অর্থনীতি থেকে পশ্চিমবঙ্গের সার্বিক পর্যটনকে শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গে ঘুরতে আসার প্রতি মানুষের কৌতূহল আরও বৃদ্ধি করবে।












