রেলে যাত্রী সুরক্ষায় স্টেশনে নামল ডিএসসি অর্জুন, পরিচয় জানলে বিশ্বাস হবেনা
যাত্রী সুরক্ষাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট রেল। এমন ব্যবস্থা যা আধুনিক তো বটেই, অভিনবও। যা যাত্রীদের ভরসা দিতে পারবে।
রেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা রেলের দায়িত্ব। আর সেজন্য এক অভিনব পথে হাঁটা শুরু করল রেল। স্টেশন চত্বরে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে সেখানে ঘুরল ডিএসসি অর্জুন। তার কাজ যাত্রী সুরক্ষা, স্টেশন সুরক্ষা এবং রেলের প্রয়োগগত সুরক্ষা নিশ্চিত করা।
এখন প্রশ্ন হল কে এই ডিএসসি অর্জুন? ডিএসসি অর্জুন কোনও মানুষ নয়। ডিএসসি অর্জুনের পুরো কথা হল ডেডিকেটেড সিকিউরিটি চেসিস অ্যাডভান্সড রেলওয়ে জংশন আন্ডার নেটওয়ার্ক এনাবেলড সার্ভিলেন্স। এটি একটি রোবট। এআই রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই রোবট নিজেই ঘুরে বেড়াবে স্টেশন চত্বরে। তার কাজ করবে।
ভুবনেশ্বরে ইস্ট কোস্ট রেলওয়ের তরফে এই রোবটটিকে প্রথম স্টেশনে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। যাকে দেখে যাত্রীরা কেবল অবাক নন, তাঁরা কৌতূহলীও। ফলে এটিকে দেখার চেষ্টা করেন অনেকে।
এটি ভারতীয় রেলে এক নতুন যুগের সূচনা করল। স্মার্ট প্রযুক্তি নির্ভর সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এই এআই রোবট এক বড় পদক্ষেপ। এই রোবট স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে সাহায্য করবে। আরপিএফ কর্মীদের আরও দ্রুততা ও দক্ষতার সঙ্গে পদক্ষেপ করতে সাহায্য করবে।
করোনার সময় ২০২০ সালে যাত্রী সুরক্ষায় ক্যাপ্টেন অর্জুনকে সামনে এনেছিল রেল। এখন তা আরও উন্নত হয়ে ডিএসসি অর্জুন। যা আদপে একটি এআই নির্ভর রোবট। যে একাই ঘুরে বেড়াচ্ছে স্টেশন চত্বরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











