National

৭ বোনের জন্য এই প্রথম এমন ট্রেন চালু করল রেল

এমন ট্রেন দেশের অন্য প্রান্তে দেখা যেত। কিন্তু দেশের একটা অংশ তা থেকে বঞ্চিত ছিল। এবার সেই পথচলাও শুরু হয়ে গেল।

এ এক বড় প্রাপ্তি সন্দেহ নেই। উত্তরপূর্ব ভারতের মানুষের যাতায়াত আরও সুগম করতে এই ট্রেন বড় ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। প্রথম ট্রেনটি যাতায়াত করবে ত্রিপুরা ও অসমের মধ্যে।

অসমের করিমগঞ্জ ও ত্রিপুরার আগরতলার মধ্যে এই ট্রেন যাতায়াত করবে। সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা মেমু ট্রেন ভারতের অন্যত্র চললেও উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিতে তা চলত না। এই প্রথম মেমু ট্রেন চালু হল এখানে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে এই মেমু ট্রেন চালু হল অসম ও ত্রিপুরার মধ্যে। যা বহু মানুষের যাতায়াত আরও সহজ করে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসি মেনে উত্তরপূর্ব ভারতে অতিদ্রুত রেলের পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগের সুবিধা বৃদ্ধির চেষ্টা এই মেমু চালু হওয়ার মধ্যে দিয়ে আরও এক ধাপ এগোল।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই মেমু চালু হওয়ায় খুশি। ত্রিপুরায় ১৯৬৪ সালে প্রথম রেল চালু হয়। তারপর অনেকদিনই সেখানে রেল পরিষেবা তেমন শক্তিশালী জায়গায় পৌঁছয়নি।

এখন ত্রিপুরা থেকে অনেক দূরপাল্লার ট্রেন বিভিন্ন রাজ্যে যাচ্ছে। ফলে ত্রিপুরার মানুষের রেল সুবিধা বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরার রেল পরিকাঠামো ক্ষেত্রে মেমু চালু হওয়া সেখানকার রেল ইতিহাসে আরও একটি মাইলস্টোন হয়ে রইল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article