পাল তুলে ভারতের তেরঙ্গা উড়িয়ে স্ট্যাচু অফ লিবার্টির শহরে হাজির আইএনএস সুদর্শিনী
ভারতের জন্য গর্বের মুহুর্ত। দেশের ঐতিহ্যশালী জলপথ যাত্রাকে তুলে ধরতে সাদা পাল তুলে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে স্ট্যাচু অফ লিবার্টির শহরে পৌঁছল ভারতের আইএনএস সুদর্শিনী।
জলপথ যাত্রায় ভারতের প্রাচীন ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরতে সাদা পাল তুলে স্ট্যাচু অফ লিবার্টির শহরে পৌঁছে গেল ভারতের নৌ-প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী। লোকায়ন ২০২৬ নামে ১০ মাস ব্যাপী এই বিভিন্ন মহাসাগর সফরে এবার ভারতের পালতোলা জাহাজ আইএনএস সুদর্শিনী ভেসে বেড়ালো হাডসন নদীর জলে।
নিউ ইয়র্কে পৌঁছে গর্বের সঙ্গে জাহাজে ভারতের তেরঙ্গা উড়িয়ে সুদর্শিনী ভেসে বেড়াল হাডসনের জলে। যাকে ব্যাখ্যা করা হয়েছে প্যারেড অফ সেইল নামে।
জলপথে পারস্পরিক সহযোগিতা, আন্তর্জাতিক সুসম্পর্ক স্থাপন এবং পার্টনার নৌবহরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এই সফরের মুখ্য উদ্দেশ্য। সেই সঙ্গে ভারতের প্রাচীন জলপথ যাত্রার ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরাও এই সফরের অন্যতম উদ্দেশ্য।
সাদা পালে হাওয়ার টানে হাডসনের জলে এগিয়ে চলা সুদর্শিনী কেবল ভারতের একটি নৌসেনার জাহাজ ছিলনা, ছিল ভারতের সহস্রাব্দ প্রাচীন জলপথ যাত্রা, সাহসী সমুদ্রযাত্রা ও বিশ্বের সঙ্গে যোগাযোগের এক প্রতীক।
এই ১০ মাসের সফরকে ভারতীয় নৌসেনা জলপথ নজরদারির অঙ্গ হিসাবে নয়, বরং বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক আদানপ্রদানের মাধ্যম হিসাবে দেখছে।
আইএনএস সুদর্শিনী-র ঠিক এই সময়ই নিউ ইয়র্কে হাজির হওয়ার আরও একটি বিশেষ দিক রয়েছে। আমেরিকা এবার তার ২৫০ তম স্বাধীনতা দিবস পালন করছে। এই বিশেষ সময় সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজ এসে হাজির হচ্ছে। ভারতের তরফে তাতে শামিল হল আইএনএস সুদর্শিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













