১৫৮ বছর পর ভারতে হিমালয়ে কোলে ফুটল বিরল ফুল, সন্ধান দিলেন বাঙালি গবেষকরা
হিসাব বলছে শেষবার ভারতে থাকা হিমালয়ে এ ফুল ফুটেছিল ১৮৬৭ সালে। তারপর তার আর দেখা পাওয়া যায়নি। ১৫৮ বছর পর ফের ফুটল সেই আশ্চর্য বেগুনি ফুল।
অনেক প্রজন্ম কেটে যাওয়ার পরও হিমালয়ে থাকা ভারতীয়রা তার দেখা পাননি। শেষবার ১৮৬৭ সালে সিকিমে এই ফুল দেখতে পাওয়া গিয়েছিল। সে বছর এই ফুল ফুটেছিল হিমালয়ে। তারপর থেকে রেকর্ড বলছে এ ফুল আর দেখা পাওয়া যায়নি।
কার্যত বিশেষজ্ঞেরাও হাল ছেড়েছিলেন। তবে সব ধারনা মুছে দিয়ে আবার ফুটল সেই ফুল। অতি আশ্চর্য এক অতীব বিরল ফুল। এবার সিকিমে নয়। ফুলটির দেখা পাওয়া গেল অরুণাচল প্রদেশে। অরুণাচলের তাওয়াং জেলার মাগো গ্রামের কাছে চুনা উপত্যকায় হিমালয়ের কোলে ফের ফুটল এই ফুল। ১৫৮ বছর পর।
ফুলটির নাম সায়ানানথাস হুকেরি। নীলচে বেগুলি ফুল। খুব বড় নয়। ছোট ছোট ফুল। পাথরের খাঁজে কতকটা ঝোপের ফুলের মতই তারা ফুটে ওঠে। সেই ফুলের খোঁজ পান বাঙালি গবেষকরা।
ভারতে এক জীবনে অনেকেই এই ফুলের দেখা পান না। তবে এটাও উদ্ভিদবিদরা মেনে নিচ্ছেন যে পূর্ব হিমালয়কে এখনও পুরো চেনা সম্ভব হয়নি। তার অনেক রহস্যই এখনও অনুদ্ঘাটিতই রয়ে গেছে।
সায়ানানথাস হুকেরি ফুলটি বেলফ্লাওয়ার পরিবারের অংশ। যাকে শেষবার দেখা গিয়েছিল ব্রিটিশ ভারতে। সিকিমে সেবার এই ফুলের দেখা পাওয়ার পর এক ব্রিটিশ উদ্ভিদবিদ এই ফুলটির কথা লিপিবদ্ধ করে যান।
তবে ভারতে তার দেখা না পাওয়া গেলেও ভুটান, তিব্বত, নেপাল ও চিন হিমালয় অংশে এর দেখা পাওয়া যায়। কেন ভারতের ভূখণ্ডে থাকা হিমালয় থেকে তা হারিয়ে গিয়েছিল তা এখনও পরিস্কার নয়।











