রাজ্য মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ মন্ত্রী, ১৩ জন পেলেন পূর্ণমন্ত্রীর দায়িত্বভার
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের সময় তাঁর সঙ্গে ৫ জন মন্ত্রী পদে শপথ নেন। এবার সেই মন্ত্রিসভার সম্প্রসারণ হল। সোমবার শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ ছাড়াও আরও ৫ জন মন্ত্রী পদে শপথ নেন। কিন্তু তা দিয়ে তো মন্ত্রিসভা গঠন হবেনা। তাই অপেক্ষা ছিল মন্ত্রিসভা গঠনের জন্য বাকি মন্ত্রীদের নাম ঘোষণার। তাঁদের শপথগ্রহণের। সেটাই সম্পন্ন হল সোমবার। লোকভবনে এদিন শপথবাক্য পাঠ করলেন ৩৫ জন মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।
পূর্ণমন্ত্রী হিসাবে এদিন শপথ নেন ১৩ জন। এঁরা হলেন, তাপস রায় (মানিকতলা), অর্জুন সিং (ভাটপাড়া), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর), দীপক বর্মণ (ফালাকাটা), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), অজয় পোদ্দার (কুলটি), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি) এবং মনোজ ওঁরাও (কুমারগ্রাম)।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন ৩ জন। এঁরা হলেন, ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ) এবং রাজেশ মাহাত (গোপীবল্লভপুর)।
১৯ জন প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন, জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), অশোক দিন্দা (ময়না), চন্দনা বাউড়ি (শালতোড়া), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), উমেশ রাই (হাওড়া উত্তর), দিবাকর ঘরামি (সোনামুখী), বিশাল লামা (কালচিনি), মৌমিতা বিশ্বাস (বর্ধমান দক্ষিণ), দীপঙ্কর জানা (কাকদ্বীপ), কলিতা মাঝি (আউশগ্রাম), গার্গী দাস ঘোষ (কান্দি), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়) এবং অমিয় কিস্কু (নয়াগ্রাম)।
নদিয়া ও জলপাইগুড়ি থেকে জয়ী কোনও বিধায়ককে মন্ত্রিত্ব প্রদান করা হয়নি এদিনের মন্ত্রিসভায়। সবচেয়ে বেশি মন্ত্রী পেয়েছে পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। এদিন মন্ত্রিসভার সম্প্রসারণ হলেও কে কোন দফতর পাচ্ছেন তা জানা যায়নি।











