World

সমুদ্রের তলায় জীবন্ত সোনার মুদ্রা, প্রথমবার দেখা গেল বিরল মাছ

সমুদ্রের তলায় সোনালি রহস্য। প্রথমবার ধরা পড়ল বিরল গোল্ডেন রে। যার শরীরের রং বদলেছে ত্বকের অদ্ভুত রঞ্জকজনিত সমস্যার কারণে।

সমুদ্রের তলায় হঠাৎ চোখে পড়লে মনে হতে পারে, বালির উপর পড়ে আছে কোনও ছোট্ট সোনার মুদ্রা। কিন্তু সেটি কোনও ধাতব বস্তু নয়। একটি জীবন্ত রে মাছ। কোস্টারিকায় বিজ্ঞানীরা প্রথমবার নথিবদ্ধ করেছেন এমন এক দাগযুক্ত গোলাকার রে মাছ, যার শরীরের রং স্বাভাবিক বালির মত বাদামির বদলে উজ্জ্বল গভীর সোনালি হলুদ।

গবেষকদের মতে, এই অস্বাভাবিক রঙের কারণ অত্যন্ত বিরল একটি ত্বকের রঞ্জকজনিত সমস্যা। সাধারণত শরীরের রঞ্জকের ভারসাম্য বদলে গেলে প্রাণির গায়ে হলুদ বা সোনালি আভা দেখা দিতে পারে।

কিন্তু হাঙর এবং রে-র প্রায় ১২৫০টি পরিচিত প্রজাতির মধ্যে মাত্র ৭টিতে এখন পর্যন্ত এই সমস্যা নথিবদ্ধ হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, এই রে যে পরিবারের সদস্য, সেখানে এমন ঘটনা আগে কখনও নথিবদ্ধ হয়নি।

বিজ্ঞানীরা রে-টির ২টি আলাদা সময়ে ছবি তুলেছিলেন। কিন্তু প্রাণিটির শরীরে কোনও ট্যাগ লাগানো ছিলনা। তাহলে কীভাবে বোঝা গেল, ২ বার দেখা রে মাছটি একই?

উত্তর লুকিয়ে ছিল তার পিঠের কয়েকটি কালো দাগে। সেই দাগগুলির প্যাটার্নকে প্রায় ফিঙ্গারপ্রিন্টের মত মিলিয়ে গবেষকেরা নিশ্চিত হন, ২ বারই একই রে-কে দেখা গিয়েছিল।

এই অস্বাভাবিক রঙের সঙ্গে পরিবেশ দূষণের কোনও সম্পর্ক আছে কি না, সেই প্রশ্নও উঠেছে। তবে গবেষকেরা স্পষ্ট জানিয়েছেন, এখনও তার পক্ষে কোনও প্রমাণ নেই। তাই আপাতত কোস্টারিকার সমুদ্রের এই ছোট্ট গোল্ডেন রে শুধু বিরল নয়, সামুদ্রিক জীববিজ্ঞানের এক নতুন রহস্যও।

Show Full Article