World

বাড়িতে কেউ ঢুকেছে, ফোন পেয়ে সেখানে হাজির হয়ে চক্ষু ছানাবড়া পুলিশের

বাড়িতে কেউ বা কারা ঢুকে পড়েছে। এমন ফোন পাওয়া মাত্র সেখানে হাজির হয় পুলিশ। কিন্তু ঢুকে যা দেখল তাতে তারা হতবাক।

গৃহস্থের বাড়িতে কেউ যদি লুকিয়ে ঢোকে তাহলে ভয় পাওয়ারই কথা। বন্ধ বাড়ি চোরদের টার্গেট হয়ে থাকে। সেখানে লুকিয়ে তালা ভেঙে বা অন্য কোনও পথে প্রবেশ করে ফাঁকা বাড়ি থেকে মালপত্র, টাকা, গয়না নিয়ে চম্পট দেওয়ার ঘটনা নতুন নয়।

ভারত হোক বা অন্য দেশ, ফাঁকা বাড়িতে চুরি সব জায়গাতেই ঘটে। তাই বাড়িতে কেউ ঢুকেছে বুঝে দ্রুত প্রশাসনের কাছে ফোন করা হয়েছিল। সেই ফোন পেয়ে সেখানে যত দ্রুত সম্ভব হাজিরও হয় পুলিশ।

পুলিশ আধিকারিকরা বাড়িতে প্রবেশও করেন। কিন্তু ঢুকে যাদের দেখলেন তাতে তাঁরা হতবাক। দেখেন মানুষ নয়, ঢুকে পড়েছে ২ ভাল্লুক শাবক। ২ জনে মিলে তছনছ করেছে ঘর।

বাড়িতে থাকা বিড়ালের খাবার খেয়ে ফেলেছে। আরও খাবারের খোঁজে ঘরের কিছু আর আস্ত রাখেনি। তাদের এই দাপাদাপি বন্ধ করতে পুলিশের তরফ থেকে বন্যপ্রাণি দফতরে ফোন যায়। তারা এসে ভাল্লুক শাবক ২টিকে পাকড়াও করে অরণ্যে ছেড়ে দেয়।

দেখা যায় বাড়ি লাগোয়া একটি গাছে প্রথমে চড়ে ২ জনে। তারপর গাছের ডালের কাছে থাকা খোলা জানালা দিয়ে প্রবেশ করে বাড়িতে। ঘটনাটি ঘটেছে কলোরাডোতে।

সেখানে যে ভাল্লুকের দাপাদাপি বেড়েছে তা জানিয়ে প্রশাসনের তরফে শহরবাসীকে সতর্কও করা হয়েছে। বাড়ির দরজা, জানালা বন্ধ রাখা এবং বাড়িতে বেড়ালের খাবার জাতীয় কিছু মজুত না রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

Show Full Article
nilkantho.in App