World

পায়ের তলায় লাল আর মাথার ওপর নীল, লাল বালির সমুদ্র নিজেই এক আশ্চর্য

চারধারে শুধু লাল আর লাল। একে বলা হয় লাল বালির সমুদ্র। এক আশ্চর্য কারণে এখানে বহু দূর পর্যন্ত বালির রং লাল।

মরুভূমির বালি কেমন হয় তা সকলের জানা। হলুদ বালির প্রান্তর চোখ ধাঁধিয়ে দেয়। ঢেউয়ের মত বালির পাহাড় মরুভূমির এক অন্য রূপ। কিন্তু মরুভূমি মানেই কি হলুদ বালির ধুধু প্রান্তর? সেটাই সচরাচর হলেও তার ব্যতিক্রমও রয়েছে।

যেমন এশিয়াতেই রয়েছে লাল বালির মরু প্রান্তর। যা পৃথিবীর অন্যতম মরুভূমি তাকলামাকানের অংশ। এই তাকলামাকান মরুভূমির একটা অংশ আশ্চর্য ভাবে লাল। লাল মানে টকটকে লাল। যা বিস্তৃত প্রায় গোবি মরুভূমি পর্যন্ত।

একটা সময় পৃথিবীর টেকটনিক স্তরের নড়াচড়ার পথে মাটির তলায় থাকা লাল রংয়ের পাললিক শিলা মাটির ওপরে উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তা খইতে থাকে। খয়ে খয়ে তা বালির আকার নিয়ে ছড়িয়ে পড়তে থাকে।

যেহেতু শিলাটি লাল, তাই তা থেকে তৈরি বালিও লাল হয়। সেই বালিই ছড়িয়ে আছে এখানে। যা মরুভূমির এই অংশকে পরিচিত করেছে রেড স্যান্ড সি বা লাল বালির সমুদ্র হিসাবে। যেখানে দাঁড়ালে পায়ের তলায় বিরাজ করে অনন্ত লাল মরু প্রান্তর।

আর সেই মরু প্রান্তরের সীমান্ত থেকে নীল আকাশ মাথার ওপর ছড়িয়ে থাকে। লাল আর নীলের এক আশ্চর্য মেলবন্ধন এখানে মানুষের নজর কেড়ে নেয়। এর অপরূপত্ব মানুষকে পলক ফেলতে দেয়না। এমন এক লাল বালির মরু প্রান্তর দেখতে অনেক পর্যটকও হাজির হন বিভিন্ন প্রান্ত থেকে।

Show Full Article