৭৫ বছরেও নিজেকে সুন্দর রাখতে বাড়ি বিক্রি করে, সঞ্চয় শেষ করে ৪ কোটি খরচ করলেন বৃদ্ধা
বয়সের ছাপ তো শরীরে পড়বেই। এক ৭৫ বছরের বৃদ্ধা তা থেকে মুক্তি পেতে এবং নিজেকে সুন্দর রাখতে বিউটি পার্লারেই ৪ কোটি টাকা খরচ করলেন।
বয়স বাড়লে তার স্পষ্ট ছাপ পড়ে শরীরে। বিশেষ করে বৃদ্ধ বয়সে যৌবনের সৌন্দর্য থাকেনা। বার্ধক্যের ছাপ পড়ে। কিন্তু সেটা মেনে নিতে পারেননি ৭৫ বছরের এক বৃদ্ধা। তিনি তাঁর যৌবন ধরে রাখতে, সৌন্দর্য অটুট রাখতে, চেহারা আকর্ষণীয় রাখতে একের পর এক বিউটি ট্রিটমেন্ট করাতে থাকেন। যার জন্য খরচও করতে থাকেন।
বিউটি পার্লারের কর্মীরাও হয়তো বুঝে গিয়েছিলেন ওই বৃদ্ধার মনের ইচ্ছার কথা। তিনি যে তাঁর চেহারা পেতে যে কোনও অর্থ খরচ করতে রাজি তা বিউটি পার্লারের সকলে বুঝে যান। ফলে তাঁকে একের পর এক ট্রিটমেন্টের কথা বলে যেতে থাকেন তাঁরা।
যারমধ্যে ত্বকের টানটান ভাব ধরে রাখা, মুখ ও ঘাড়ের ত্বকের টানটান ভাব ফিরিয়ে তাকে উজ্জ্বল রাখা, মাসাজ করা, ট্যাটু করানো এবং এমন নানা রূপচর্চা বৃদ্ধা করাতে থাকেন। আর সেজন্য বিপুল অঙ্কের টাকা নিতে থাকে ওই বিউটি পার্লার।
নিজেকে সুন্দর রাখতে বাড়ি বেচে দিয়েছেন ওই বৃদ্ধা। এছাড়া মোটা অঙ্কের সঞ্চয়ও শেষ করে ফেলেছেন। সব মিলিয়ে তাঁর এখনও পর্যন্ত খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় ৪ কোটি টাকার ওপর।
এত খরচ হয়ে যাওয়ার পর বিষয়টি ওই বৃদ্ধার মেয়ের নজরে আসে। তিনি বিষয়টি সকলের সামনে আনেন। ঘটনাটি ঘটেছে চিনে। চিনের সাংহাই টেলিভিশনে বিষয়টি তুলে ধরেছেন বৃদ্ধার মেয়ে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।











