গুনগুন শুরু করল কফিনে শায়িত দেহ, কফিন খুলে ফেললেন ভীত পরিজনেরা
কফিনে দেহ শায়িত রয়েছে। যাঁরা দূরে থাকেন তাঁরা এক এক করে হাজির হচ্ছেন শেষ শ্রদ্ধা জানাতে। এরমধ্যেই কফিন থেকে একটা ক্ষীণ গুনগুন শব্দ ভেসে এল।
৭০-এর ঘরে বয়স বৃদ্ধার। সেরিব্রাল থ্রম্বোসিসে আক্রান্ত ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। কিছুদিন আগে চিকিৎসকেরা জবাব দিয়ে দেন। জানান আর চিকিৎসা কিছু নেই। বৃদ্ধাকে পরিবারের লোকজন যেন বাড়ি নিয়ে যান।
সেইমত তাঁকে বাড়ি ফেরানো হয়। তারপর গত ৮ সেপ্টেম্বর পরিবারের লোকজন দেখেন বৃদ্ধার দেহে প্রাণের চিহ্ন নেই। তাঁরা ধরে নেন বৃদ্ধার প্রয়াণ ঘটেছে।
এদিকে পরিবারের অনেকে দূরে থাকেন। তাঁরা বৃদ্ধাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে চান। তাই বৃদ্ধার দেহ ঠান্ডা কফিনে শায়িত রাখা হয়। একদিন পার হওয়ার পর ওই কফিনের ধারে থাকা পরিবারের কয়েকজনের কানে একটি শব্দ পৌঁছয়।
খুব ক্ষীণ শব্দ। তবে কিছুটা গুনগুন করার মত শব্দ। দ্রুত কফিনের দরজা খোলা হয়। সকলে অবাক হয়ে দেখেন বৃদ্ধা শ্বাস নিচ্ছেন। চোখটাও একবার খুললেন।
তাঁর দেহে তখনও প্রাণ রয়েছে। এটা দেখে আপ্লুত হয়ে যান পরিবারের লোকজন। কিন্তু সেই প্রাণের স্পন্দন এতটাই ক্ষীণ ছিল যে তা বোঝাই দায়। তবে ১১ সেপ্টেম্বর প্রকৃত অর্থেই বৃদ্ধার প্রয়াণ ঘটে।
পরিবারের লোকজন একবার ভুল করে তাঁকে জীবিত অবস্থায় কফিনবন্দি করেছিলেন মনে করে আর ঝুঁকি নেননি। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করে তবেই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ঘটনাটি ঘটেছে চিনের হেবেই প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই এ খবর প্রকাশিত হয়। বৃদ্ধার পরিবারের তরফে চিনের সমাজ মাধ্যমেও এই ঘটনার কথা জানানো হয়।











