World

বিয়ের পর বাড়ির কাজ কে করবেন, স্থির করতে বিয়ের আসরে কুস্তি লড়লেন বর কনে

বিয়ের পর নতুন সংসারে বাড়ির কাজকর্ম কে সামলাবেন তার উত্তর খুঁজতে কুস্তির আসর বসল বিয়ের অনুষ্ঠানে। হল কুস্তিও। কে জিতলেন, বর না কনে?

বিয়ে মানে এক নতুন জীবনের সূত্রপাত। নতুন সংসার, নতুন জীবন। সেখানে নতুন বিয়ে হওয়া স্বামী স্ত্রী তাঁদের আগামী দিনগুলো নিজেদের মত করে সাজিয়ে নেন। বিয়ে মানে কিন্তু নতুন দায়িত্বও। সেখানে সংসারকে সাজিয়ে তুলতে স্বামী স্ত্রীর যোগদান প্রয়োজন।

অনেক ক্ষেত্রেই দেখা যায় সাংসারিক কাজ স্বামী স্ত্রী ভাগ করে নেন অথবা স্ত্রীর কাঁধেই অধিকাংশ সাংসারিক কাজ গিয়ে পড়ে। এই দৈনন্দিন নানা সাংসারিক কাজ কে করবেন তা স্থির করতে বর কনে বেছে নিলেন নিজেদের বিয়ের দিনটাকে।

বিবাহ অনুষ্ঠানে একাংশে তৈরি করা হয় একটি কুস্তি লড়ার ঘেরা জায়গা। যেখানে পরিবার, বন্ধু, অতিথিদের সামনে বর ও কনে নিজেদের মধ্যে কুস্তি লড়বেন। কুস্তিতে যিনি হারবেন তাঁকেই যাবতীয় বাড়ির কাজ সারা জীবন ধরে করে যেতে হবে। এই ছিল শর্ত।

বর কুস্তি খেলোয়াড়ই। স্ত্রীও কুস্তি জানেন। তাই ২ পরিবার বিয়ের দিনে কুস্তি লড়ায় অমত জানালেও তাঁরা এই রাস্তাই বেছে নেন। শুরু হয় কুস্তি। কেউ কাউকে ছাড়ার পাত্র নন। উপস্থিত সকলে তাঁদের উৎসাহ দিতে থাকেন।

রেফারি কড়া নজর রাখেন বর কনের লড়াইয়ের দিকে। অবশেষে শেষ রাউন্ডে পৌঁছে শেষ হাসি হাসেন কনে। বর হেরে যান। অতএব স্থির হয় বরকেই সারাজীবন সংসারের কাজ করতে হবে। স্ত্রী সেসব করবেননা।

এমন এক নজর কাড়া ঘটনা ঘটেছে চিনের গুইঝু প্রদেশে। একজন নামকরা কুস্তি খেলোয়াড় হয়েও স্ত্রীর কাছে হেরে গেলেন? উত্তরে বর জানিয়েছেন তিনি ইচ্ছা করেই হেরে গেছেন। কারণ তিনি চান না তাঁর স্ত্রী বাড়ির কাজ করুন।

একটি হোটেল ভাড়া করে বিয়েটি হয়। সেখানে গান বাজনায় খরচ না করে স্বামী স্ত্রী এই অভিনব এক উদ্যোগ নিয়েছিলেন। পুরোটাই হয়েছে মজার ছলে। যা বিভিন্ন সংবাদমাধ্যমের নজর কেড়ে নিয়েছে।

Show Full Article