World

অদ্ভুত পাথর উল্টে দেখতেই মিলল ১১ হাজার বছরের ইতিহাস

ব্যাঙের খোঁজে গিয়ে নদীর তলদেশে মিলল এক বিশাল দাঁত। ১১ হাজার বছর পুরনো দাঁতটি ওই অঞ্চলের সবচেয়ে সম্পূর্ণ জীবাশ্মগুলির অন্যতম বলে মনে করা হচ্ছে।

ব্যাঙের খোঁজে চলছিল সমীক্ষা। নজর ছিল ছোট ছোট জলাশয় আর ছোট নদীর ধারে। কিন্তু সেই কাজ করতে গিয়ে সামনে এল এমন এক জীবাশ্ম যার মালিক পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে ১১ হাজার বছর আগে।

ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান মাতেও কাউন্টির। বিলুপ্তপ্রায় প্রজাতির ব্যাঙের খোঁজ করার সময় এক ভূতত্ত্ববিদ একটি ছোট নদীর তলদেশে অদ্ভুত আকারের পাথরের মত বস্তু দেখতে পান।

প্রথমে সেটিকে সাধারণ পাথর বলে পাশ কাটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বস্তুটি উল্টে ভাল করে দেখে তাঁর সন্দেহ হয় যে এটি মোটেও সাধারণ পাথর নয়।

পরে জীবাশ্মবিদরা পরীক্ষা করে নিশ্চিত করেন, সেটি আসলে বিলুপ্ত প্যাসিফিক ম্যাসটোডন-এর একটি বিশাল পেছনের দাঁত। সান মাতেও কাউন্টি অঞ্চল থেকে পাওয়া ম্যাসটোডন জীবাশ্মগুলির মধ্যে এটিকে সবচেয়ে সম্পূর্ণ নমুনাগুলির একটি বলে মনে করা হচ্ছে।

ম্যাসটোডন দেখতে অনেকটা বর্তমান হাতির মত হলেও তারা ছিল আলাদা প্রজাতির বিশাল স্তন্যপায়ী প্রাণি। তুষার যুগে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে তাদের বিচরণ ছিল। প্রায় ১১ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই প্রাণিরা।

উদ্ধার হওয়া দাঁতটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গবেষকেরা জীবাশ্মটির সঠিক বয়স নির্ধারণের পাশাপাশি এর একটি বিস্তারিত ত্রিমাত্রিক প্রতিলিপি তৈরিরও পরিকল্পনা করছেন। যে অভিযানের লক্ষ্য ছিল বিপন্ন ব্যাঙ খুঁজে পাওয়া, সেই সমীক্ষা শেষপর্যন্ত তুলে আনল তুষার যুগের এক বিশাল প্রাণির বহু হাজার বছরের পুরনো স্মৃতি।

Show Full Article