কুতুবমিনার অনেকটাই ছোট, বিশ্বের সবচেয়ে উঁচু গাছের ধারেকাছেও ঘেঁষা মানা
বিশ্বের সবচেয়ে উঁচু গাছ দেখার কৌতূহল যদি মনে আসে তাহলে নিশ্চিন্তে সেটা দেখেও আসতে পারেন। যার উচ্চতা কিছুক্ষণের জন্য হতবাক করে দিতে পারে।
ভারতের কোনও সুউচ্চ দর্শনীয় ক্ষেত্রের কথা যদি বলতেই হয় তাহলে কুতুবমিনারের উদাহরণ দেওয়া যেতে পারে। কুতুবমিনারের উচ্চতা ২৩৮ ফুট। নিচে দাঁড়িয়ে সেটি দেখতে ঘাড়ে ব্যথা করতে পারে। কিন্তু এই কুতুবমিনারকেও ছোট মনে হবে এই গাছের পাশে।
এটাই হল পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ। যার উচ্চতার পাশে কুতুবমিনার অনেক ছোট মনে হবে। যে অরণ্যে সেটি রয়েছে সেই অরণ্যের বাইরে অনেক দূর থেকেও এর মাথা দেখতে পাওয়া যায়।
ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে রয়েছে গাছটি। গাছটি লম্বা উঠে গেছে। নিচের দিকে তেমন ডালপালা নেই। তবে উপরের দিকে ভালই ডালপালা ও পাতা রয়েছে।
গাছটি কোস্ট রেডউড প্রজাতির। এই মহীরুহ এই লম্বা লম্বা গাছের জঙ্গলেও আলাদা করে নজর কেড়ে নেয়। ২০০৬ সালে এর খোঁজ পাওয়া যায়। তারপর থেকে এই গাছ দেখতে বহু পর্যটক হাজির হন এখানে। তবে গাছের ধারেকাছে নয়। অনেক দূর থেকে দেখতে হয় গাছটিকে।
গাছটি ঠিক কোথায় রয়েছে তা সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়না। এই গাছ খুঁজে এর কাছে যাওয়ার চেষ্টা করাও মেনে নেয় না প্রশাসন। এই গাছের ধারেকাছে ঘেঁষার চেষ্টা হলেও মোটা অঙ্কের জরিমানা হয়।
তাই এই গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে বা একে ছুঁয়ে দেখে অভিজ্ঞতা সঞ্চয় অসম্ভব। স্থানীয় প্রশাসন যেখান থেকে এটি দেখার সুযোগ করে দেয়, পর্যটকদের সেখান থেকেই এটিকে দেখতে হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু এই গাছটির উচ্চতা ৩৮০ ফুট। নাম হাইপেরিয়ন।











