Business

এই প্রথম এভাবে আম পৌঁছল বিদেশে, ব্যবসাও হল, খরচও বাঁচল

ভারতের আমের কদর বিভিন্ন দেশেই রয়েছে। অন্যদিকে এবার বিদেশের বাজার খুলতে অনেক বেশি তৎপর ভারত। এবার অন্য দেশে আম রফতানি হল ভিন্ন রুটে।

ভারতে এখন আমের মরসুম। কিছু আম কমে আসছে। আবার নতুন প্রজাতির আম বাজার ছাইছে। বাংলাতেও হিমসাগর আম কমে এসে এবার ক্রমে বাজারে ছেয়ে যাচ্ছে ল্যাংড়া, আম্রপালি সহ নানা প্রজাতির আম।

অন্ধ্রপ্রদেশের আবার বিখ্যাত আম হল বেগুনফুলি। এই আম দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুস্বাদু। হলদে সোনালি রংয়ের এই আমের শাঁসে কোনও আঁশ থাকেনা। নরম শাঁস আর অতি মিষ্টি স্বাদের জন্য এই আমের কদর সর্বত্র।

সেই বেগুনফুলি আম এবার পাড়ি দিল সিঙ্গাপুরে। তবে সিঙ্গাপুরে যাওয়ার জন্য বিমান নয়, আম গেল জলপথে। এই প্রথম জলপথে সিঙ্গাপুরে আম রফতানি হল। এতে খরচও অনেকটাই বাঁচল। আবার পরিবেশ বান্ধব যাত্রাও হল।

অন্ধ্রপ্রদেশের এই বিখ্যাত আম দেশিয় বাজারে ২৫ টাকা কেজি দরে সাধারণভাবে বিক্রি হয়ে থাকে। যা সিঙ্গাপুরে বিক্রি করা হল ৫০ টাকা কেজি দরে। এমন ৫ মেট্রিক টন আম সিঙ্গাপুরে প্রথম দফায় পৌঁছে গেছে। যা আবার সিঙ্গাপুরের স্থির করে দেওয়া মান্যতা মান বজায় রেখেই পাঠানো হয়েছে।

ভারত থেকে এই আমের গুণগত মান পরীক্ষা করে, তা যেমন করে প্যাক করতে বলা হয়েছিল তেমন ভাবে প্যাক করে, তা যাতে নষ্ট না হয়ে যায় সেটা মাথায় রেখে, উপযুক্ত প্রক্রিয়া মেনে জাহাজে পাঠানো হয় সিঙ্গাপুরে। যা সেখানে পৌঁছনোর পর তার মান একদম এক ছিল।

এদিকে এভাবে যত বিদেশি বাজার খুলে যাবে, ততই ভারতের আম চাষিদের জন্য তা খুশি বয়ে আনবে। কারণ এতে মুনাফার অঙ্ক অনেকটাই বাড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App