বিশেষ তালিকায় যুক্ত ভারতের নাম, ভারতীয় অর্থনীতিকে অক্সিজেন দেবে ইউরোপের বাজার
ইউরোপের বাজারে যদি ভারতের রফতানি বৃদ্ধি পায় তাহলে তা ভারতীয় অর্থনীতির জন্য অবশ্যই ভাল খবর। সেই সম্ভাবনা উজ্জ্বল করল ভারত ছোঁয়া সমুদ্র।
ভারতের ৩ দিক জুড়ে সমুদ্র। ভারতের উপকূল জুড়ে যে রাজ্যগুলি রয়েছে সেখানকার অনেক মানুষের রুটিরুজি বাঁচিয়ে রেখেছে এই সমুদ্র। সে পর্যটন হতে পারে, মৎস্য হতে পারে, আবার সমুদ্র বিনোদনও হতে পারে।
ভারতে মৎস্যজীবীদের বড় ভরসা সমুদ্র। এখন ভারত সরকার এই মৎস্য চাষকে আরও বড় আকার দিতে আধুনিক প্রযুক্তি, উন্নত মাছ ধরার কৌশলকে কাজে লাগাচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দেশের মৎস্য চাষিদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।
সেই স্বপ্ন আরও উজ্জ্বল হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসের পর। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ তাদের সংশোধিত তালিকায় ভারতের নাম যুক্ত করে দিল। এই তালিকায় যুক্ত হওয়ার অর্থ ইউরোপিয়ান ইউনিয়ন-এর বাজারে ভারতের মৎস্য রফতানিকে আরও বড় জায়গা করে দেওয়ার সবুজ সংকেত।
এটি সবদিক থেকে কার্যকর হয়ে যাওয়া মানে ইইউ-র বাজারে ভারতের সামুদ্রিক প্রাণির বাধাহীন নিরবচ্ছিন্ন রফতানি। যা ভারতীয় অর্থনীতির জন্য সুসংবাদ। আবার মৎস্যজীবীদের জন্যও ভাল খবর। কারণ এতে তাঁদের রোজগারের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
ইউরোপিয়ান ইউনিয়ন হল ভারতের জন্য সামুদ্রিক খাদ্যের অন্যতম বাজার। ২০২৫-২৬ সালে সামুদ্রিক খাদ্য রফতানিতে তৃতীয় বৃহত্তম বাজার ছিল ইউরোপিয়ান ইউনিয়ন।
একদিকে যেমন ভারত মৎস্য উৎপাদনে জোর দিচ্ছে, তেমনই গোটা বিশ্বকে ভারতের পাঠানো সামুদ্রিক খাদ্য নিয়ে নিশ্চিন্ত করে চলেছে। রফতানি করা সামুদ্রিক খাদ্য যে গুণগত মানে বিশ্বমানের তা নিশ্চিত করছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











