Business

হাপুস আমের এমন বেহাল অবস্থা আগে হয়নি, পাওয়া যাচ্ছেনা ভারতের অন্যতম সেরা আম

যাঁরা হাপুস আমের ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা স্পষ্ট দাবি করছেন এত কম ফলন এর আগে কখনও দেখেননি তাঁরা। খারাপ ফলনের পিছনে রয়েছে ২টি গুরুত্বপূর্ণ কারণ।

আম বিলাসী মানুষের সংখ্যা দেশে কম নয়। বিদেশেও আমের চাহিদা প্রতিবছরই তুঙ্গে থাকে। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আম বিখ্যাত। যেমন মহারাষ্ট্রের আলফানসো আম বিখ্যাত। যাকে অনেকেই হাপুস আম বলে চেনেন।

এই আলফানসো আমের ফলন মূলত হয় কোঙ্কণ উপকূলের রত্নগিরি সহ বিভিন্ন এলাকায়। সেখানে অনেক মানুষই এই আলফানসো আম চাষের সঙ্গে যুক্ত। জানুয়ারি থেকেই এই আমের মুকুল ধরতে শুরু করে। যা পেকে ফল হয়ে এই সময় কৃষকদের মুখে মুনাফার হাসি ফোটায়।

ফেব্রুয়ারিতে যে মুকুল ধরে তা মে মাসে গিয়ে পুরুষ্টু রসাল আমের আকার নেয়। কিন্তু এবার ফলন প্রায় নেই বললেই চলে। মুকুল প্রচুর নষ্ট হয়ে গেছে। যা প্রতিবছর ফলন হয় তার মাত্র ২০ শতাংশ ফলন এবার পাওয়া যাবে বলে মনে করছেন আলফানসো চাষিরা।

আলফানসো আমের এমন বেহাল অবস্থার জন্য মূলত ২টি কারণকে দায়ী করছেন সকলে। একটি হল অসময়ে বৃষ্টি। এবার কোঙ্কণ উপকূল জুড়েই মুকুল আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে। যা এখানে স্বাভাবিক নয়।

আলফানসো আমের মুকুল নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হল দিনের তাপমাত্রায় অস্বাভাবিক বদল। তাপমাত্রা দিনে দিনে নানারকম হয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণের কারণেই এবার আলফানসো আম চাষিদের মুখে হাসি নেই। এদিকে বাজারে যেটুকু আলফানসো বা হাপুস আম আসছে তা এতটাই চড়া দামে বিকোচ্ছে যে তা কেনা অনেকের পক্ষেই মুশকিল হচ্ছে।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *