রেলের টার্মিনাল তৈরি করতে গিয়ে পাওয়া গেল ৬ তলা সমান বড় ডাইনোসর
তৈরি হচ্ছিল একটি রেলওয়ে টার্মিনাল। সেজন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখানেই মাটির অনেকটা নিচে পাওয়া গেল ৬ তলা বাড়ির সমান অতিকায় ডাইনোসর।
রেলওয়ে টার্মিনাল তৈরি করা হবে। সেজন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। অনেকটা গভীর করে মাটি খোঁড়া হচ্ছিল। সেই সময় মাটির ২৬ ফুট তলা থেকে একাধিক হাড়ের জীবাশ্ম উদ্ধার হয়। দ্রুত সেগুলি পরীক্ষার কাজ শুরু হয়।
প্রথমে সেটিকে কোনও প্রাগৈতিহাসিক স্তন্যপায়ী প্রাণির জীবাশ্ম বলে মনে করছিলেন বিশেষজ্ঞেরা। তবে মাটি সরিয়ে জীবাশ্মটির আরও কিছু অংশ পাওয়ার পর তা পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন যে সেটি ১২ কোটি বছর পুরনো এক ডাইনোসরের জীবাশ্ম। যে ওই স্থানে ১২ কোটি বছর আগে ঘুরে বেড়াত।
ডাইনোসরটির চেহারা যে বিশাল ছিল তাও পরিস্কার। বিজ্ঞানীরা জীবাশ্ম পরীক্ষার পর জানতে পেরেছেন ডাইনোসরটি যখন বেঁচে ছিল তখন তার আকার ছিল একটি ৬ তলা বাড়ির সমান।
এর থেকে অনুমেয় যে ডাইনোসরটি কি বিশাল চেহারার ছিল! এই প্রজাতির ডাইনোসর এর আগে দেখতেও পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীরা এর নাম রেখেছেন ডাসোসরাস টোকান্টিনেনসিস।
ব্রাজিলের মারানহাও প্রদেশের ড্যাভিনোপোলিসে রেল টার্মিনালের জন্য খনন চালানোর সময় মাটির তলা থেকে এই ডাইনোসরটির খোঁজ পাওয়া যায়। তবে চমক বাকি ছিল।
বিজ্ঞানীরা এই প্রজাতির ডাইনোসরটি পরীক্ষার পর তার কাছাকাছি প্রজাতির খোঁজ শুরু করেন। আর সেখানেই পুরো বিষয়টি নিয়ে বিস্ময় জন্ম নিয়েছে।
বিজ্ঞানীরা দেখেছেন ব্রাজিলে পাওয়া এই বিশেষ প্রজাতির ডাইনোসরের খুব কাছের প্রজাতির বাস ব্রাজিলের কোথাও নয়। ব্রাজিলের আশপাশের দেশেও নয়। তাদের বাস ছিল সুদূর স্পেনে।











