World

ঘন জঙ্গলে একা ৪৪৯ দিন গাছে চড়ে কাটান এক তরুণী, গাছের জন্য একাই লড়েন তিনি

ঘন জঙ্গল। চারধার পাহাড়ি। যতদূর নজরে পড়ে শুধু জঙ্গল আর জঙ্গল। সেখানেই একটি গাছে চড়ে একাই ৪৪৯ দিন কাটান এক তরুণী। বার্তা ছিল একটাই।

এ জঙ্গল অত্যন্ত ঘন। অনেক জায়গায় পৌঁছনোই দুষ্কর। অতি দুর্গম পথ। সেসব পথ পার করেই জঙ্গলের মাঝে পৌঁছন এক তরুণী। তারপর একটি গাছ বেছে তাতে উঠে পড়েন। গাছের ওপর থাকার মত একটা ব্যবস্থাও করে ফেলেন।

সেখানেই থাকা। সেখানেই খাওয়া, ঘুম। রাত থেকে দিন, দিন থেকে রাত। একটা ঘন জঙ্গলের মাঝে একদম একা কাটাতে শুরু করেন তিনি। খাবার বলতে অধিকাংশই কাঁচা খাবার।

জল আর কিছু খাবার মাঝে মাঝে তাঁর কাছে পৌঁছে দিয়ে আসতেন তাঁর পরিচিত কয়েকজন। যাঁরা তরুণীর এই অভিনব উদ্যোগে তাঁকে সাহায্য করছিলেন। এই পর্যন্তই।

গাছে তিনি একাই কাটাতে থাকেন। জঙ্গলে বন্যপ্রাণ থেকে ভয় তো ছিলই। তার সঙ্গে ছিল প্রকৃতির প্রতিকূল পরিস্থিতি। গাছে কাটানোর সময় কখনও বরফ পেয়েছেন। কখনও বৃষ্টি ঝরেছে। কখনও প্রবল গরম। কখনও ঝড়। এমন নানা প্রতিকূলতা এসেছে, গেছে। কিন্তু মিরান্ডা গিবসন তাঁর অবস্থানে অনড় থেকেছেন।

এই গাছে থাকার সিদ্ধান্ত তাঁর শখ করে নয়। প্রাচীন গহন জঙ্গল থেকে বেলাগাম গাছ কাটা রুখতেই তাঁর এই আন্দোলন। আন্দোলনের ভাষাটা ছিল অভিনব।

গাছে বসে তিনি ইন্টারনেট পেতেন। তাই সেখান থেকে সৌরশক্তি চালিত কম্পিউটারে যোগাযোগ রাখতেন পৃথিবীর সঙ্গে। পৌঁছে দিতেন তাঁর দাবিদাওয়া। এভাবে ৪৪৯ দিন মানে ১ বছরের অনেক বেশি সময় তিনি একটানা ওই গাছে কাটান।

অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই তরুণী সেখানকার তাসমানিয়ার জঙ্গলে একটি গাছে উঠে বসেছিলেন ২০১১ সালে। তারপর সেখানেই ৪৪৯ দিন একাকী বাস। এই প্রতিবাদ এখনও প্রকৃতিকে রক্ষা করতে এক অন্যতম অভিনব প্রতিবাদ হিসাবে রয়ে গিয়েছে।

Show Full Article
nilkantho.in App