World

১৫০ বছর পর বই ফিরল লাইব্রেরিতে, জরিমানা হল প্রায় ১৯ লক্ষ টাকা

কিছু দিন বা কিছু মাস নয়, একটি লাইব্রেরি থেকে ইস্যু হওয়া বই লাইব্রেরিতে ফেরত এল ১৫০ বছর পার করে। জরিমানা হল প্রায় ১৯ লক্ষ টাকা।

লাইব্রেরি থেকে বই নেওয়ার পর তা ফেরত দেওয়ার একটা নির্দিষ্ট দিন থাকে। তারমধ্যে বইটি ফেরত না দিলে লাইব্রেরি তাদের নিয়ম মেনে জরিমানা ধার্য করে। যা ফেরতের দিন পার করে গেলে গ্রাহককে প্রদান করতে হয়। এভাবেই বিশ্বজুড়ে অধিকাংশ লাইব্রেরি চলছে।

এমন অনেক সময় হয় যে বইটি হয়তো পড়া শেষ হয়নি বা বইটির প্রয়োজন শেষ হয়নি তাই নির্ধারিত দিনের মধ্যে গ্রাহক বইটি ফেরত দিতে পারলেননা। কিছুদিন দেরি হল। ফেরতের সময় জরিমানার টাকাও দিয়ে দিলেন। কিন্তু সেই দেরি কয়েক দিন থেকে কয়েক মাস হতে পারে, ১৫০ বছর নয়।

এবার একটি লাইব্রেরিতে একটি বই ফেরত এল ১৫০ বছর পর। ইস্যু হওয়ার ১৫০ বছর পর বইটি ফেরত আসার পর লাইব্রেরির নিয়ম অনুযায়ী বইটি দেরিতে ফেরত দেওয়ার জন্য জরিমানা হয়েছে ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ ৭০ হাজার টাকার মত।

অস্ট্রেলিয়ার কিয়ামা শহরের কিয়ামা লাইব্রেরি তার পথচলা শুরু করে ১৮৭২ সালে। তার কিছু পরেই অ্যান্টিকুইটিজ অফ আথেন্স নামে বইটি ইস্যু করা হয়েছিল। তারপর ১৫০ বছরেও তার খোঁজ পাওয়া যায়নি।

এক ব্যক্তি তাঁর পুরনো বাড়ি মেরামত করার সময় একটি ইট গাঁথা প্রাচীন ফায়ার প্লেসের মধ্যে এই বইটির হদিশ পান। কে, কবে এই বইটি এখানে রেখে দিয়েছিলেন তা অজানা। তবে ওই ব্যক্তি বইটি পাওয়ার পর বইয়ে লাগানো লাইব্রেরির কাগজ দেখে লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করে বইটি ফেরত দেন।

এদিকে মোটা অঙ্কের জরিমানা হলেও এটা পরিস্কার নয় যে কাকে বইটি ইস্যু করা হয়েছিল। সে তথ্য নেই। ফলে যিনি ফেরত দিলেন তাঁর ওপর আর জরিমানা মেটানোর দায়িত্ব বর্তাচ্ছে না।

তবে বইটি লাইব্রেরি তাদের প্রাচীন সংগ্রহের তাকে তুলে রেখেছে। বইটি তারা আর কাউকে ইস্যু করবেনা বলেও স্পষ্ট করে দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলিতে খবরটি রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে।

Show Full Article
nilkantho.in App