National

কোন রাজ্যে কেমন বর্ষা, পশ্চিমবঙ্গ কেমন বৃষ্টি পেল, দেশের অন্য রাজ্যের অবস্থাই বা কেমন

অগাস্টের শেষে দেশে বর্ষা ঘাটতি রয়ে গেছে। এবার বৃষ্টি কিন্তু সমানভাবে সর্বত্র হয়নি। বেশি কম হয়েছে। সেই সঙ্গে খুব কম বৃষ্টি হয়েছে এমন অনেক রাজ্যও রয়েছে।

ভারতে যে এবার বর্ষা ঘাটতি দেখা যাবে তা বর্ষা আসার আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। কারণ হিসাবে সামনে আনা হয়েছিল এল নিনো-র প্রভাব বৃদ্ধিকে। সেই এল নিনো ক্রমশ শক্তিশালী হচ্ছে।

ভারতে অগাস্টের শেষে পৌঁছে বর্ষা ঘাটতির কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু পশ্চিমবঙ্গের মত অনেক রাজ্যের মানুষের মনে হচ্ছে তাঁরা কি সত্যিই কম বৃষ্টি পেয়েছেন? নাকি স্বাভাবিক, নাকি বেশি বৃষ্টি পেয়েছেন?

দেশে বৃষ্টির বণ্টন কিন্তু সমান হয়নি। বর্ষা বিদায় নিতে এখনও ১ মাসের বেশি বাকি। তার আগে অগাস্টের শেষে দেশের কোন রাজ্য কেমন বৃষ্টি পেল তার চিত্রটা সামনে এসেছে।

প্রথমে আসা যাক বেশি বৃষ্টি পাওয়া রাজ্যের কথায়। অতিরিক্ত বেশি বৃষ্টি পেয়েছে লাদাখ। এছাড়া ওড়িশা বেশি বৃষ্টি পেয়েছে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ পেয়েছে বেশি বৃষ্টি। এই ৩ রাজ্য বাদ দিয়ে এবার এখনও পর্যন্ত বর্ষায় অতিরিক্ত বৃষ্টি অন্য কোনও রাজ্য পায়নি।

অন্যদিকে কম বৃষ্টির তালিকাটা বেশ লম্বা। অন্ধ্রপ্রদেশে বৃষ্টি সবচেয়ে কম হয়েছে। তারপরই রয়েছে বিহার। এছাড়া কম বৃষ্টি পাওয়া রাজ্যগুলির মধ্যে রয়েছে পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মণিপুর।

পশ্চিমবঙ্গ কিন্তু স্বাভাবিক বৃষ্টি পেয়েছে এখনও পর্যন্ত। এছাড়া দেশে এখনও পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হয়েছে ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট ও তেলেঙ্গানায়।

যেসব রাজ্যে স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে তার নিয়ামক হল বৃষ্টিপাতের পরিমাণ। তবে এখানে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কোনও কোনও দিন অস্বাভাবিক বেশি বৃষ্টি হয়েছে। জনজীবন অচল করে দেওয়া বৃষ্টি।

তবে অধিকাংশ দিন চড়া রোদ থেকেছে। কিন্তু ওই অস্বাভাবিক বৃষ্টির হাত ধরে বৃষ্টির পরিমাণের নিরিখে খাতায় কলমে স্বাভাবিক দেখা গেছে বৃষ্টিপাত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article