National

অগাস্টে বর্ষা ঘাটতি, সেপ্টেম্বরে কেমন হবে বৃষ্টি, জানিয়ে দিল মৌসম ভবন

অগাস্ট মাস শেষ। কেমন হল অগাস্ট মাসে বর্ষা। মৌসম ভবন কিন্তু জানাচ্ছে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে কেমন বর্ষা হবে তারও পূর্বাভাস দিল।

বাংলার মানুষের মনে হতে পারে এটা কি ঠিক তথ্য? সত্যিই কি অগাস্ট মাসে কম বৃষ্টিপাত হয়েছে? মৌসম ভবন কিন্তু তেমনটাই জানাচ্ছে। তবে এ রিপোর্ট ভারতজুড়ে বর্ষার হিসাবের ওপর নির্ভর করছে।

ভারতের পূর্ব অংশ যেমন বৃষ্টিপাত পেয়েছে, ভারতের পশ্চিম ও দক্ষিণভাগ তেমনটা পায়নি। ফলে তারও প্রভাব এই রিপোর্টে পড়েছে। সব মিলিয়ে অগাস্ট মাসে বর্ষা ঘাটতি পৌঁছে গেছে স্বাভাবিকের চেয়ে ১৬.৩ শতাংশ নিচে।

গত ৩ বছরের মধ্যে অগাস্টে সবচেয়ে কম বৃষ্টির হিসাব পাওয়া গেল চলতি বছরে। অগাস্ট শেষে এই রিপোর্ট দেওয়াই নয়, তার সঙ্গে সেপ্টেম্বরে কেমন বৃষ্টি পেতে চলেছে ভারত সে পূর্বাভাসও দিয়েছে মৌসম ভবন।

সেপ্টেম্বরে কেমন বৃষ্টি হবে? এ প্রশ্নের উত্তরে দেশের আবহাওয়া দফতর কিন্তু যা জানিয়েছে তা খুব একটা খুশি করার মত কিছু নয়। সেপ্টেম্বরেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর এজন্য এল নিনো-কেই দায়ী করছেন আবহাওয়া দফতরের কর্তারা।

এল নিনো ক্রমশ তার শক্তি বাড়াচ্ছে। সেপ্টেম্বরে তার দাপট বেশ বাড়তে চলেছে বলেই পূর্বাভাস। এল নিনো যত শক্তি বাড়াবে, বৃষ্টি তত কমবে বলেই জানিয়ে দিয়েছেন আবহবিদেরা।

চলতি বছরে যে এল নিনো দেশের সার্বিক বর্ষার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম করবে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এই সেপ্টেম্বরে তা আরও স্পষ্ট করে ধরা পড়বে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article