তাতছে প্রশান্ত মহাসাগর, এল নিনো প্রভাব ফেলছে, বর্ষা ঢুকলেও বৃষ্টি কেমন হবে ভারতে
এল নিনো ক্রমশ তার প্রভাব বিস্তার করছে। আর তা প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি থেকেই পরিষ্কার। সকলের প্রশ্ন বর্ষা প্রবেশ করলেও ভারতে বৃষ্টি কেমন হবে।
এল নিনো শব্দটাই এখন এক মূর্তিমান আতঙ্কের চেহারা নিয়েছে। শুনলে মনের মধ্যেই একটা অতি গরম পরিস্থিতি উঁকি দিচ্ছে। পরিস্থিতিও নেহাত সন্তোষজনক নয়। প্রশান্ত মহাসাগরের উপরিভাগের ঠিক তলার জল গরম হচ্ছে। ক্রমশ বাড়ছে তার তাপমাত্রা।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী গত মার্চ থেকে মে মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরের জলের পারদ চড়েছে প্রায় ১.৩ ডিগ্রি সেন্টিগ্রেড। যা অবশ্যই সারা বিশ্বের জন্য অশনি সংকেত। মাত্র ৩ মাসে ১.৩ ডিগ্রি বেড়েছে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জলের ঠিক নিচের জলস্তর। আবহবিদরা মনে করছেন এর মানে একটি শক্তিশালী এল নিনো আরও শক্তি বাড়াতে চলেছে।
এল নিনো মানে বিশ্ব জুড়ে তার প্রভাব। আর সে প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট। বিশ্ব জুড়েই আবহাওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে। গরম একটা অন্য উচ্চতা ছুঁয়ে ফেলেছে। ইউরোপেও প্রবল গরম নাজেহাল করছে সেখানকার অনেক দেশের বাসিন্দাকে।
ভারতে বর্ষা দেরীতে প্রবেশ করলেও এখন দ্রুত এগোচ্ছে। দক্ষিণ ভারতে তার প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে বর্ষা উত্তর পূর্ব ভারতের দিকেও দ্রুত এগোচ্ছে। সব মিলিয়ে বর্ষার গতি ভালই। কিন্তু বর্ষা ঢুকলেও বৃষ্টি কেমন হবে? বৃষ্টি কিন্তু মনের মত হবেনা বলেই মনে করছেন একাংশের আবহবিদেরা। ইতিমধ্যেই এবারের বর্ষায় ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার।











