প্রতীক্ষার অবসান, অবশেষে বর্ষা এল দেশে
ভারতে বর্ষা প্রবেশ করল। ৩ দিন দেরিতে প্রবেশ করল বর্ষা। খাতায় কলমে ভারতে বর্ষার প্রবেশ ঘটার কথা ১ জুন।
বর্ষা কবে আসবে, এ প্রশ্ন মুখে মুখে ঘুরছিল। অবশেষে অপেক্ষায় ইতি। বর্ষা প্রবেশ করল ভারতে। কেরালা দিয়ে নিয়ম মেনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করল। এবার তা ক্রমে ছড়িয়ে পড়বে ভারতের নানা প্রান্তে।
বর্ষা ঢোকার জন্য অনুকূল পরিস্থিতির অভাবে দরজায় আটকে ছিল বর্ষা। বৃহস্পতিবার সে পরিস্থিতি অনুকূল হওয়ায় কেরালায় ঢুকল বহু প্রতীক্ষিত বর্ষা ঋতু।
ভারতে বর্ষার গুরুত্ব অপরিসীম। দেশজুড়ে কৃষকরা চেয়ে থাকেন বর্ষার দিকে। তাছাড়া নীতি নির্ধারণ থেকে বাজারের গতি প্রকৃতি, সবই নির্ভর করে বর্ষার ওপর। সেই বর্ষা প্রবেশ করায় হাসি ফুটেছে বড় অংশের মানুষের মুখে।
গত ১ মাসে অতি প্রবল গরমে পুড়েছে দেশের নানা প্রান্ত। তাপপ্রবাহ নামার নাম নিচ্ছিল না। ৪০ ডিগ্রি পার করা পারদ একটানা চলছিল। অনেক জায়গায় ৪৫ থেকে ৪৮ ডিগ্রির মধ্যেই লাগাতার ঘোরাফেরা করেছে পারদ। অবশেষে বর্ষার প্রবেশ সেই পরিস্থিতি থেকে মুক্তি আসন্ন বলে আশ্বাস দিল গরমে নাজেহাল মানুষজনকে।
ভারতের ৫১ শতাংশ কৃষিকাজ নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। যা কৃষিজ উৎপাদনে একটা বড় অবদান রাখে। কৃষকদের বড় অংশ তাই বর্ষার দিকে তাকিয়ে থাকেন।
ভারতে বর্ষা ঢুকে পড়া মানেই কিন্তু দেশজুড়ে বৃষ্টি শুরু নয়। ধীরে ধীরে বর্ষা দেশের বিভিন্ন অংশে ঢুকবে। তার গতি প্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদেরা।
এল নিনো-র কারণে এবার বর্ষার দ্বিতীয় ভাগে অর্থাৎ অগাস্ট ও সেপ্টেম্বর মাসে দেশের একটা বড় অংশে তেমন বৃষ্টি হবেনা বলেই পূর্বাভাস। বর্ষা সার্বিকভাবেই স্বাভাবিকের চেয়ে কম হওয়ার কথা। সেটা মাথায় রেখে যতটা সম্ভব বৃষ্টির দিকেই চেয়ে আছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











