National

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টি কেমন

চলতি সপ্তাহে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারতের একাধিক জায়গায় এই বৃষ্টিপাত হবে। সে তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে কিনা তা তালিকাই বলে দিচ্ছে।

বর্ষার কেরালা দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশে বিলম্ব হচ্ছে। তবে আবহবিদরা মনে করছেন চলতি সপ্তাহেই বর্ষা ঢুকে যাবে দেশে। যদিও বর্ষার জন্য অপেক্ষা না করেই দেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে অনেকগুলি রাজ্যেই ভারী বৃষ্টি হবে এই সপ্তাহে। ভারতের উত্তরপূর্বের রাজ্যে এবং দক্ষিণ ভারতের রাজ্যে এই ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে যখন ভারী বৃষ্টির পূর্বাভাস তখন কি সেই তালিকায় বাংলারও জায়গা হচ্ছে? ঠিক উত্তরপূর্ব ভারতের রাজ্য না হলেও লাগোয়া রাজ্য হিসাবে এ প্রশ্ন বাংলার মানুষের মনে জাগছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিন্তু সে তালিকায় পশ্চিমবঙ্গের জায়গা হয়নি।

এদিকে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণের রাজ্য কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা ও কর্ণাটকের একাংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপেও।

দক্ষিণবঙ্গে কিন্তু গরম বজায় থাকবে। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হতে পারে। মূলত আকাশ থাকবে পরিস্কার। এই সপ্তাহে অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা বড় একটা নেই। গরম থাকবে আর তা চলতি সপ্তাহ জুড়েই বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য বুধবার থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Show Full Article