ভারতে বর্ষা ঢুকছে কবে, পাওয়া গেল পূর্বাভাস
মে মাসের মধ্যভাগেই আন্দামানে বর্ষা প্রবেশ করেছিল। পূর্বাভাস ছিল ২৬ মে-র আশপাশে ভারতের মূল ভূখণ্ডেও বর্ষা ঢুকে পড়বে। সে দিনক্ষণ কিছুটা পিছিয়েছে।
এবার বর্ষা আগেই ঢুকে পড়তে পারে। এমন একটা পূর্বাভাস পাওয়া গিয়েছিল। আন্দামানে বর্ষা প্রবেশও করে গিয়েছিল মে মাসের মধ্যভাগেই। সে সময় আবহবিদেরা মনে করছিলেন ২৬ মে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটতে পারে।
ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে কেরালা দিয়ে। কিন্তু দিন পার করলেও বর্ষার প্রবেশ হয়নি। এমনকি মে মাসেই আর বর্ষা প্রবেশ করছেনা। তাহলে কবে ভারতে ঢুকবে বর্ষা?
ইতিমধ্যেই লাক্ষাদ্বীপ ও সংলগ্ন আরবসাগরে বর্ষার প্রভাব স্পষ্ট। ক্রমে তা এগিয়ে আসছে কেরালার দিকে। যা গতিপ্রকৃতি তাতে আগামী ৩ বা ৪ জুন বর্ষা ভারতে প্রবেশ করবে বলে মনে করছেন আবহবিদেরা।
কেরালা ও তামিলনাড়ুর বেশ কয়েকটি জায়গায় সে সময় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই বৃষ্টি শুরু হওয়ার পর ক্রমে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে পারদ পতন শুরু হবে। অসহ্য গরমে যেসব জায়গা নাজেহাল হচ্ছিল সেখানকার মানুষ কিছুটা স্বস্তি পাবেন।
এদিকে বর্ষা ঢোকার আগেই নানা জায়গায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। মুম্বই শহরে প্রাক বর্ষার বৃষ্টি এতটাই হয়েছে যে তার প্রভাব জনজীবনে পড়ে। অনেক রাস্তায় জল জমে যায়।
অন্যদিকে ঝড়বৃষ্টির জেরে রাজস্থান থেকে দিল্লি, মধ্যপ্রদেশ থেকে বিহার, সর্বত্রই আগুনে গরমের লম্বা স্পেল থেকে রেহাই পেয়েছেন মানুষ। গরম কিছুটা হলেও কমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











