মে মাসে কেমন বৃষ্টি হবে দেশে, বাংলায় কি হবে, পাওয়া গেল নজরকাড়া পূর্বাভাস
মে মাস পড়ে গেছে। গ্রীষ্মের প্রখর রোদে নাজেহাল হওয়ার পালা অব্যাহত থাকার কথা। দেশে মে মাসে বৃষ্টি নিয়ে নজরকাড়া পূর্বাভাস পাওয়া গেল।
এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে দেশের অধিকাংশ জায়গায় যেভাবে তাপপ্রবাহ পর্বে দাঁড়ি টেনে আবহাওয়া বদলে গেছে, যেভাবে রাজস্থান থেকে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ থেকে বিহার, উত্তরপ্রদেশ বৃষ্টিতে ভিজছে, মে মাস জুড়ে কি সেটাই চলবে? নাকি ফের গরমের অসহ্য দহন জ্বালা সহ্য করতে হবে দেশের বড় অংশের মানুষকে?
এ প্রশ্ন তো মানুষের মনে জাগছেই। আবহবিদরা সেক্ষেত্রে যা জানাচ্ছেন তা বেশ নজরকাড়া। মে মাসে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছেন তাঁরা।
ফলে মে মাসে অসহ্য গরম, তাপপ্রবাহ খুব বেশি হয়তো সহ্য করতে হবেনা অধিকাংশ মানুষকে। অন্তত এই পূর্বাভাসের পর সেটাই মনে করছেন সকলে।
তবে পূর্বাভাস এটাও জানাচ্ছে যে গরম সহ্য করতেই হবে। রাতের দিকের পারদ চড়ার সম্ভাবনা রয়েছে মে মাস জুড়ে। পশ্চিমবঙ্গের হিমালয় লাগোয়া অঞ্চলগুলিতে মে মাসে স্বাভাবিক থেকে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গরম থেকে যে সকলে রেহাই পাবেন তা নয়। দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা, উত্তরপূর্ব ভারতের একটা অংশ এবং উত্তর পশ্চিম ভারতের একটা অংশে মে মাসে দিনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বজায় থাকবে। মহারাষ্ট্র, গুজরাট, পূর্ব উপকূলীয় এলাকা ও হিমালয় পাদদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
প্রশান্ত মহাসাগরে ক্রমে এল নিনো পরিস্থিতি শক্তিশালী হচ্ছে বলেও জানাচ্ছেন আবহবিদেরা। এল নিনো শক্তিশালী হলে গরমের ধাক্কা আরও বেশি করে সামলাতে হবে। এবার বর্ষার দ্বিতীয় ভাগেই ভারতে এল নিনোর প্রভাব বোঝা যাবে বলে মনে করছেন আবহবিদেরা।












