SciTech

নিরন্তর চেহারা বদলাতে থাকে সৌরমণ্ডলের ২ চাঁদ, কেন হয় এমন আশ্চর্য ঘটনা

সৌরমণ্ডলের একাধিক গ্রহের চাঁদ রয়েছে। গ্রহভেদে চাঁদের সংখ্যাও আলাদা। তবে এর মধ্যে ২টি চাঁদের চেহারা বদল হতে থাকে সময়ের সঙ্গে।

পৃথিবীর একটিই উপগ্রহ চাঁদ। এমন অনেক গ্রহেরই উপগ্রহ রয়েছে। যেমন মঙ্গলের ২টি উপগ্রহ রয়েছে। বৃহস্পতির অনেক উপগ্রহ থাকলেও তার ৪টি প্রধান। এই বৃহস্পতির ৪টি প্রধান চাঁদের ২টি হল ইউরোপা এবং আইয়ো। এই ২টি উপগ্রহ বৃহস্পতিকে প্রদক্ষিণ করতে থাকে। আর এই প্রদক্ষিণের কক্ষটি হয় ডিম্বাকৃতি।

ফলে এরা যখন বৃহস্পতিকে প্রদক্ষিণ করে তখন সেগুলি কখনও বৃহস্পতির কাছে আসে। আবার কখনও কিছুটা দূরে চলে যায়। এদিকে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি ভয়ংকর। সেই মাধ্যাকর্ষণের টান আইয়ো এবং ইউরোপার ওপর কখনও বেশি পড়ে আবার কখনও তার চেয়ে কম।

এই মাধ্যাকর্ষণের টানের রদবদলের সরাসরি প্রভাব পড়ে ওই ২ উপগ্রহে। ফলে বৃহস্পতিকে প্রদক্ষিণ করার সময় কখনও সেগুলি সঙ্কুচিত হয়, আবার কখনও প্রসারিত হয়।

এই পরিবর্তন চলতেই থাকে। কয়েক মিটার বদলে যায় চেহারা। যার প্রভাব আইয়ো ও ইউরোপার ওপর পড়েই চলেছে। ফলে তারা তাদের চেহারা বদলেই চলেছে।

এই ঘটনা ঘটতে থাকায় বৃহস্পতির উপগ্রহে ঘর্ষণ চলতেই থাকে। যা একটা উত্তাপ তৈরি করে। একে বলা হয় টাইডাল হিট। আইয়ো নামে উপগ্রহে এই ঘর্ষণ গ্রহের মাটির তলায় উত্তপ্ত তরলকে জীবিত রাখে এবং তার জেরে ৪০০টি আগ্নেয়গিরি সর্বদা সক্রিয় অবস্থায় থাকে।

ইউরোপার ক্ষেত্রে প্রভাবটা ভিন্ন। এই উপগ্রহের উপরিস্তরে পুরু বরফের চাদর। আর তার তলায় রয়েছে একটি অতি বিশাল মহাসমুদ্র। যার জলকে তরল রাখতে সাহায্য করে এই ঘর্ষণ থেকে তৈরি উত্তাপ।

Show Full Article
nilkantho.in App