সূর্যের রং হলুদ লাগে পৃথিবী থেকে, কিন্তু মহাকাশ থেকে সূর্যের রং একদম আলাদা
সূর্যের রং কি জিজ্ঞেস করলে সকলেই বলবেন হলুদ। কেউ কেউ বলবেন সোনালি। কিন্তু মহাকাশে থেকে যদি সূর্যকে দেখা যায় তাহলে তার রং একদম আলাদা।
সূর্যের রং কি? একটি শিশুকে জিজ্ঞেস করলেও সে বলবে হলুদ। ড্রয়িং খাতায় হলুদ রং দিয়ে পাহাড়ের ফাঁকে সূর্য এঁকে ছোটরা বড় হয়। বড় হওয়ার পরও কিন্তু সূর্যের রং বদলায় না তাঁদের কাছে। কারণ পৃথিবী থেকে সূর্যকে হলুদই লাগে। অথবা অনেকে বলবেন স্বর্ণালী।
কিন্তু যদি কেউ পৃথিবী থেকে মহাকাশে পৌঁছে যান এবং সেখান থেকে সূর্যকে দেখেন তাহলে তিনিও কি হলুদ সূর্যই দেখবেন? একেবারেই দেখবেন না। বরং মহাকাশ থেকে সূর্যের রং সাদা। কারণ কোনও বাধা ছাড়াই সেখান থেকে সূর্যকে দেখতে পাওয়া যায়। কোনও স্তরের মধ্যে দিয়ে নয়।
পৃথিবীর উপরটা মোড়া আছে বায়ুমণ্ডলে। যেখানে অক্সিজেন ও নাইট্রোজেন কণা রয়েছে। যা নীল ও বেগুনি রংকে ছড়িয়ে দেয়। মানুষের নজরে আসতে দেয়না।
বরং সূর্যের কমলা, হলুদ ও লাল রং এসে সহজে পৌঁছে যায় মানুষের চোখে। যা মিলে তৈরি হয় হলুদ বা সোনালি রং। কিন্তু সেটা হয় পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে। বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে এসে যখন সূর্যের আলো চোখে পড়ে তখন সূর্যকে হলুদ লাগে।
মহাকাশে কোনও বায়ুমণ্ডল থাকেনা। সেখানে সূর্যকে কোনও বাধা বা কোনও স্তরের মধ্যে দিয়ে দেখতে হয়না। মহাকাশ থেকে তাই সূর্যের রং সাদা।
সাদা রংয়ের সূর্য দেখতে পাওয়া গেলেও আদপে সূর্যের বিচ্ছুরণে ৭টি রংই থাকে। কিন্তু তা একত্রে মিলে যে আলো নজরে এসে পড়ে তা সাদা হয়। তাই পৃথিবী থেকে সূর্য হলুদ লাগলেও মহাকাশ থেকে সূর্যের রং সাদা।











